স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় স্বামী অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ঘনিষ্ঠজনদের দাবি, অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে আলভীর কথিত ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’-এর জেরে ইকরার সংসারে অশান্তি শুরু হয় এবং শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নেন।
ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম মানববন্ধন করেছে। সেখানে অংশগ্রহণকারীরা আলভী ও তিথিকে বয়কটের ডাক দেন।
আজ বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইকরার ঘনিষ্ঠ বান্ধবীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ স্লোগানে মুখরিত হয় এফডিসি প্রাঙ্গণ।
মানববন্ধনে ইকরার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেন, “যতটুকু আমরা জানি, পুলিশের কাছে ইকরার ফোনটি আছে।
ওর ফোনে প্রচুর এভিডেন্স আছে। আমাদের কাছে পাসওয়ার্ড রয়েছে। সেটি দিয়ে পুলিশ চাইলে ফোন খুলে তথ্য-প্রমাণ সংগ্রহ করতে পারে।”
তিনি আরো বলেন, “তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? পরকীয়ার বিচারের জন্য কি কোনো আইন নেই?”
এদিকে, সোমবার (২ মার্চ) দিবাগত রাতে এক ভিডিও বার্তায় সমালোচকদের উদ্দেশে জাহের আলভী বলেন, “গল্পের একটা পাতা পড়েই জাজ করছেন।
একটা দিক পড়ে মনের মতো যা ইচ্ছা বলছেন। কিন্তু এক পাশ পড়ে অন্য পাশ না পড়লে তো পুরো সত্য জানা যায় না।”
উল্লেখ্য, ইকরার মৃত্যুর ঘটনায় রাজধানীর পল্লবী থানায় জাহের আলভীকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। ঘটনাটি ঘিরে বিনোদন অঙ্গনে এখনো উত্তেজনা ও আলোচনা অব্যাহত রয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন