রমজানে মুসল্লিদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ইস্ট লন্ডন মসজিদের ব্যাপক প্রস্তুতি

gbn

লন্ডন, ১৯ ফেব্রুয়ারি ২০২৬: প্রতি বছরের মতো এবারও রমজানে মুসল্লিদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইস্ট লন্ডন মসজিদ । প্রতিদিন ১০ হাজারের বেশি মুসল্লি নামাজ পড়বেন বলে আশা করা হচ্ছে। তারাবিহের নামাজ পড়াতে বিভিন্ন দেশ থেকে এসেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফিজ ও আলেমগন । মাসজুড়ে মুসল্লীদের জন্য থাকছে বিষয়ভিত্তিক আলোচনা, ফ্রি-ইফতারী, ই'তেকাফ, ফিতরা প্রদানের ব্যবস্থা ও ঈদুল ফেতরের জামাতসহ নানা আয়োজন।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ইস্ট লন্ডন মসজিদের মূল হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রমজানের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্যাদি তুলে ধরেন মসজিদের  চেয়ারম্যান ডক্টর আব্দুল হাই মুর্শেদ ও সিইও জুনায়েদ আহমদ।
তারাবিহের  ইমামঃ  
এবার ৫ জন ইমাম তারাবিহের নামাজ পড়াচ্ছেন । এই ৫ জন হলেন- শায়খ মু’তাজ আল গানাম, শায়খ হাজেম সাইফ,  ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক ও  শায়খ আবদুর রহমান ইব্রাহিম এবং অতিথি খতিব বৃটিশ সোমালিয়ান শায়খ  জামাল আবদুন নাসের।  
শায়খ হাজেম সাইফ আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ক্বেরাতে উচ্চশিক্ষা লাভ করেন এবং দশ ক্বেরাতে কুরআন তেলাওয়াতে পারদর্শী । মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি মাদ্রাসার হিফজ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইফতার আয়োজন : গত বছরের মতো এবারও প্রতিদিন ১০০০ মানুষের ইফতারের ব্যবস্থা থাকছে । ইস্ট লন্ডন মসজিদের নিচতলায় পুরুষ ও দ্বিতীয়তলায় মহিলাদের জন্য ইফতারের ব্যবস্থা থাকবে । যেকোনো রোজাদার এসে ইফতার করতে পারবেন । অনেকেই এই ইফতারি স্পনসর করে থাকেন । জনপ্রতি ৩ পাউন্ড করে দান করে যেকেউ ইফতারি আয়োজনে সহযোগিতা করে অশেষ পূণ্যের অংশীদার হতে পারেন । কেউ চাইলে এককালিন ১৫০০ পাউন্ড প্রদান করে ৫০০ রোজাদারকে অথবা ৩০০০ পাউন্ড দান করে ১০০০ রোজাদারকে একবেলা ইফতার খাওয়াতে পারেন।
ই'তেকাফ: রামাদ্বানের শেষ ১০দিন ইস্ট লন্ডন মসজিদে  ই'তেকাফ করার জন্য মানুষের আগ্রহের শেষ নেই। এ বছর ৬০ জন ইতেকাফের সুযোগ পাবেন । তবে যেহেতু চাহিদার তুলনায় জায়গা কম তাই লটারির মাধ্যমে আসন বরাদ্দ দেওয়া
হবে । গত ২ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয় । ৪ শতাধিক আবেদন জমা হয়েছে বলে জানা গেছে । ২৮ ফেব্রুয়ারি তারাবিহ নামাজের পর লটারির মাধ্যমে আসন বরাদ্দ দেয়া হবে।

কুরআন ও হাদীসের আলোচনা : প্রতিদিন বাদ আসর মসজিদের মূল হলে দরসে হাদীস অনুষ্ঠিত হবে । তাছাড়া, এশার জামাত শুরু হওয়ার আগে  প্রতিরাতে তারাবিহের নামাজে যতটুকু কুরআন তেলাওয়াত করা হবে, ততটুকুর সংক্ষিপ্ত অনুবাদসহ তাফসীর করা হবে । যাতে তারাবিহের নামাজে ইমামগণ যতটুক তেলাওয়াত করবেন সে সম্পর্কে কিছুটা ধারনা পাওয়া যায়।

রামাদ্বান ক্যালেন্ডার : প্রতিবারের মতো এবারও রামাদ্বান ক্যালেণ্ডার বেরিয়েছে। ক্যালেণ্ডারের প্রিন্ট কপি মসজিদের রিপেসপশনে বিনামুল্যে পাওয়া যাচ্ছে । তাছাড়া ডিজিটাল কপি মসজিদের ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করা যাবে।

লাইভ চ্যারিটি অ্যাপিল :  ২৮ ফেব্রুয়ারি শনিবার চ্যানেল এস-এ লাইভ ফান্ডরেইজিংয়ে অংশ নেবে ইস্ট লন্ডন মসজিদ । বিকেল ৩টা থেকে ফজর পর্যন্ত চ্যারিটি অ্যাপিল অনুষ্ঠিত হবে।

চ্যারিটির জন্য ফান্ডরেইজিং : মাসজুড়ে বিভিন্ন চ্যারিটি সংগঠনের জন্য ফান্ডরেইজিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে । প্রতিদিন বাদ জোহর ও তারাবির নামাজের পর ফান্ডরেইজিং হবে।

ফিতরা : ইস্ট লন্ডন মসজিদ ফিতরার অর্থ সংগ্রহ করে যথাযথভাবে গরীব মানুষের মধ্যে বন্টন করে থাকে। এ বছর ফিতরার পরিমাণ ধার্য করা হয়েছে জনপ্রতি  ৮ পাউন্ড । শিশুসহ পরিবারের সকল সদস্যের ফিতরা আদায় অপরিহার্য । ফিতরা রামাদ্বানের শুরুতেই প্রদান করা উত্তম । এতে করে গরীব মানুষ ঈদের আনন্দে শরীক হওয়ার সুযোগ পায় । তবে ২০ রামাদ্বানের মধ্যে ফিতরার অর্থ মসজিদে পৌঁছে দিতে অনুরোধ জানানো হয়েছে । মসজিদের রিসেপশনে অথবা ফিতরার নির্ধারিত দানবক্সে দেওয়া যাবে । তাছাড়া অনলাইনেও দেওয়ার সুযোগ রয়েছে। তবে কেউ সময় মতো দিতে না পারলে ঈদের দিন নামাজের আগে অবশ্যই আদায় করতে হবে। এই বছর মসজিদে ঈদের জামাতে ফিতরার অর্থ সংগ্রহ করা হবে না।

ঈদুল ফিতর: এবার ৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে । প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় । দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে, তৃতীয় জামাত সকাল ৯.৩০ মিনিটে এবং চতুর্থ জামাত সকাল ১০টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রামাদ্বানে তারাবিহ নামাজের সময় ফিল্ডগেইট স্ট্রিটসহ আশপাশের অন্যান্য রাস্তায় অহেতুক জটলা পাকানো থেকে বিরত থাকতে মসজিদ কমিটির পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে । কারণ এতে পথচারী ও স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের শিকার হন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন