ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধা: সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাট বামুনী গ্রামের সেকেন্দার মাষ্টার নামের জনৈক প্রভাবশালী কর্তৃক স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারকে উচ্ছেদের চেষ্টায় ১০ সেপ্টেম্বর' ২০২২ ইং স্থানীয় রেল গেইটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কামারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি দিলীপ কুমার সরকারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় উত্তর হাট বামুনী গ্রামস্থ রেল গেইটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কামারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি দিলীপ কুমার সরকারের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক ফয়জার রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কামারপাড়া ইউনিয়ন শাখার সদস্য সুমন কুমার সরকার, সদস্য রতন কুমার সরকার প্রমুখ।
সুত্র জানায়, মৃত. আজগর আলীর পুত্র উল্লেখিত প্রভাবশালী সেকেন্দার আলী মাষ্টার ইতোপূর্বে অত্যাচার করে একই গ্রামের দেবেন্দ্র চন্দ্র বর্মনকে এলাকা থেকে উচ্ছেদ করেন। একই কায়দায় তার আরেক ভাই মোংলা চন্দ্র বর্মনকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এই সেকেন্দার আলী মাষ্টার এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। তারা আরো জানান, সেকেন্দার আলী মাষ্টারের অত্যাচারে দেবেন্দ্র চন্দ্র বর্মন ভারতে চলে যায়। দেবেন্দ্র চন্দ্র বর্মনের জমি ইতোমধ্যে দখল করে নিয়েছে। এখন মোংলা চন্দ্র বর্মনের জমিও নিজ দখলে নিতে মোংলার বাড়ির উঠানে ৬/৭ গজ পশ্চিমে সরিয়ে বাউন্ডারি প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। এসময় স্থানীয় লোকজন বাধা দিলে পরে একটু পূর্বে সরিয়ে বাউন্ডারি প্রাচীর নির্মাণ করলেও ২/৩ গজ জমি এখনো নিজ দখলে নিয়ে নেয়। শুধু তাই নয়, উত্তর পাশের প্রাচীর রাস্তার উপর দিয়ে নির্মাণ করেন। এসময়ও কামারপাড়া ইউপি চেয়ারম্যান কর্তৃক বাঁধা দেয়া হলেও তার বাধা উপেক্ষা করে প্রাচীর নির্মাণ করেন। যা সরেজমিনে গেলেই ঘটনার সত্যতা নিশ্চিত হবে।
সুতরাং, প্রভাবশালী সেকেন্দার আলী মাষ্টারের অত্যাচারে শুধু মোংলা চন্দ্রই নয়, তার বাড়ির দীনেশ, অনুকূল, হরিকান্ত, বীরেন্দ্র, ধনরঞ্জন ও পরেশ সহ আশেপাশের ১০/১৫টি সংখ্যালঘু পরিবার উচ্ছেদ আতঙ্কে ভুগছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন