চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পরকীয়া সম্পর্কের বিষয়টি এফবিআই তদন্ত করছে। ট্রাম্প বলেন, চীনা গুপ্তচরবৃত্তির অভিযানে হুয়াং লক্ষ্যবস্তু হয়েছিলেন বলে মার্কিন গোয়েন্দাদের ধারণার খবর প্রকাশের পর সোমবার তিনি জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন।

 

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি তাকে প্রশ্ন করেছিলাম, সে যে একজন গুপ্তচর ছিল, সে সম্পর্কে তোমার কি কোনো ধারণা ছিল?’ তিনি বলেছেন, ‘তিনি গুপ্তচর ছিলেন, এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না এবং আমি সত্যিই তাকে বিশ্বাস করি।’

বেইজিং অবশ্য হুয়াংকে লক্ষ্যবস্তু করার দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমাননির্ভর এবং চীনকে কলঙ্কিত ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।

পরবর্তীতে হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি জানি এফবিআই বিষয়টি খতিয়ে দেখছে।

’ তবে তিনি তদন্তের বিস্তারিত তথ্য দেননি কিংবা এটি কবে শুরু হয়েছে তা নিশ্চিত করেননি।

 

ট্রাম্প আরো যোগ করেন, তিনি হুয়াংকে একজন সম্মানিত ব্যক্তি বলে মনে করেন এবং তদন্ত শেষে তিনি ভালো অবস্থানেই থাকবেন বলে তিনি অত্যন্ত আশাবাদী। বিবিসি যোগাযোগ করলে এফবিআই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এনভিডিয়া ইতিমধ্যেই কথিত চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এই সম্পর্কের বিষয়ে একটি স্বাধীন তদন্ত শুরু করেছে।

কম্পানিটি জানিয়েছে, প্রতিষ্ঠানের গোপন তথ্য বা জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে বলে বিশ্বাস করার মতো কোনো কারণ তাদের কাছে নেই।

 

অ্যাপলের পর এনভিডিয়া বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান কম্পানি এবং তারা এমন কম্পিউটার চিপ ডিজাইন করে যা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই তথ্য প্রকাশের পর সোমবার এনভিডিয়ার শেয়ার দর ৪ শতাংশেরও বেশি পড়ে যায়, যার ফলে কম্পানিটির বাজারমূল্য প্রায় ২৫০ বিলিয়ন ডলার কমে গেছে। 

এনভিডিয়া যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার এআই প্রযুক্তি প্রতিযোগিতারও একটি প্রধান কেন্দ্রবিন্দু। ওয়াশিংটনের কর্মকর্তারা বেইজিংয়ে এনভিডিয়ার পণ্য রপ্তানিকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে দেখেন আর এ কারণেই হুয়াংয়ের এই সম্পর্ক নিয়ে এত উদ্বেগ তৈরি হয়েছে।

 

এ ছাড়া সোমবার ক্যালিফোর্নিয়ায় হুয়াং এবং এনভিডিয়ার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক গোপন করে তারা শেয়ারহোল্ডারদের সঙ্গে প্রতারণা করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে কম্পানিটি গণমাধ্যমের কাছে মিথ্যা বলেছে, ‘যার বিরুদ্ধে চীনে এনভিডিয়ার পণ্য পাচারে সহায়তা করার সন্দেহ রয়েছে।’

হোয়াইট হাউসে ট্রাম্পকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কবে এই সম্পর্কের বিষয়ে জানতে পেরেছিলেন। জবাবে তিনি বলেন, তাকে কিছু সময় ধরে এ বিষয়ে অবহিত করা হয়েছিল, তবে তিনি নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি।

প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি আশা করি কোনো সমস্যা হবে না। আমি বিশ্বাস করি তিনি (জেনসেন) প্রচণ্ড মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন।’ তিনি জানান, সোমবার তিনি হুয়াংয়ের সাথে ফোনে কথা বলেছেন শুধুমাত্র তিনি ঠিক আছেন কি না এবং কেমন আছেন তা জানার জন্য। আমি তাকে ওই বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করেছিলাম। জবাবে তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি যে গুপ্তচর ছিলেন এ সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না।

ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছেন, চীনকে এআইতে নেতৃত্ব দিতে দিলে তা বেইজিংয়ের সামরিক ও নজরদারি সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি নিশ্চিত শি চিনপিংয়ের সাথে পরবর্তী সাক্ষাতে আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করবেন।’

হুয়াং স্বীকার করেছেন, তিনি তার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন এবং স্ত্রী ও সন্তানদের কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন। সোমবার তিনি জানান, এনভিডিয়াকে রক্ষা করতে এবং আমেরিকার জাতীয় নিরাপত্তায় সহায়তা করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। কম্পানি যে তদন্ত শুরু করেছে তাতে সহযোগিতা করবেন।

আগামী সপ্তাহে কংগ্রেসের বেশ কয়েকটি কমিটির একটি যৌথ রুদ্ধদ্বার ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্যও জেনসেনকে অনুরোধ জানানো হয়েছে, তবে তিনি সেখানে উপস্থিত হবেন কি না তা এখনো স্পষ্ট নয়।

সোমবার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দপ্তরে বিবিসি কিছু কর্মীদের সাথে কথা বলেছে। তাদের কয়েকজন জানিয়েছেন, কম্পানিকে ঘিরে তীব্র আলোচনা সত্ত্বেও ভেতরে কাজকর্ম স্বাভাবিক নিয়মেই চলছে।

১৯৯৩ জেনসেন এবং আরো দুই প্রকৌশলী মিলে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। শুরুতে এটি গেমিংয়ের জন্য কম্পিউটার চিপ ডিজাইন করত। পরে এআই উন্নয়নে মনোযোগ দেওয়ার সিদ্ধান্তই আজ এটিকে এই বিশাল শক্তিতে পরিণত করেছে। এআই অবকাঠামো নির্মাণে এনভিডিয়ার চিপগুলো এতটাই মূল্যবান হয়ে উঠেছে যে, হোয়াইট হাউস ইতিপূর্বে এর উন্নত পণ্যগুলো কোথায় বিক্রি করা যাবে তার ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল।

এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উন্নত সেমিকন্ডাক্টর চীনে বিক্রির ওপর আগে নিষেধাজ্ঞা ছিল এই আশঙ্কায় যে, এটি চীনের প্রযুক্তি শিল্পকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে দেবে। তবে হুয়াং দীর্ঘদিন ধরে চীনে বিক্রির ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছেন।

তার যুক্তি, বিশ্বব্যাপী এআই-এর বিস্তার মার্কিন প্রযুক্তির মাধ্যমে হওয়াই ভালো। গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, তারা নির্দিষ্ট কিছু শর্তে চীনা গ্রাহকদের কাছে চিপ বিক্রির অনুমতি দেবে। তবে ব্ল্যাকওয়েল, সুপার চিপসহ এনভিডিয়ার সর্বাধুনিক এআই সেমিকন্ডাক্টরগুলো এখনো চীনের বাজারে নিষিদ্ধ রয়েছে। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন