শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক দিন রাতে তিনি ঢাকা ফিরবেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরে নামবেন তারেক রহমান। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি।
এরপর রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে বেলা দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন।
রাজশাহী থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকা ফিরবেন।
এদিকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে এ অনুষ্ঠানটি হচ্ছে একটি আনন্দের অনুষ্ঠান। আজকে এ অনুষ্ঠানটি হচ্ছে একটি মিলনমেলা।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন