বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরো ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে। এ চুক্তিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে বোয়িংয়ের নতুন বিমান বিক্রির চুক্তিকে প্রতিষ্ঠানটির জন্য ‘ঐতিহাসিক’ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। একই পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত, রপ্তানি ও কর্মসংস্থানের জন্য বোয়িংয়ের নতুন অর্ডারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহযোগিতায় বাংলাদেশ ও তুরস্ক মিলে বোয়িংয়ের মোট ১১১টি বিমান কেনার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি আরো ৫০টি বিমান কেনার বিকল্পও রাখা হয়েছে বলে জানান তিনি।
নতুন এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের রপ্তানি আয় এবং দেশটির বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে উৎপাদন, দেশটি থেকে রপ্তানি এবং মার্কিন শ্রমিকদের সমর্থনের ওপর গুরুত্বারোপ করে তিনি বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান। এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের কাছ থেকে আরো ১১টি বিমান কেনার বিষয়ে একটি সম্পূরক চুক্তিতে সই করে বাংলাদেশ। চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন