পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, অত্র বিদ্যালয় হতে ২০২৫ শিক্ষা বর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে ২৪ জন বৃত্তি প্রাপ্ত হয় । এর মধ্যে ১৯ জন ট্যালেন্টপুলে এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, আবু খালেদ ও শচীন্দ্র নাথ বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, সাবেক কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রনজুমানারা, গীতা রাণী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, শামিমা নাসরিন সিমা, আজমীর সুলতানা রিমি, শাহানা ইয়াছমিন, ঝরণা খাতুন, মোঃ আল আমিন হুসাইন, পম্পা বৈরাগী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হিরন্ময় সরকার, আহমাদ আব্দুর রহমান বিন ওহাব ও হৃদয় মন্ডলসহ
অন্যান্য শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।
সংবর্ধনা শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কৃতী শিক্ষার্থীরা তাদের এই অর্জনে শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন