সফিউল্লাহ আনসারী , ভালুকা (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন হবিরবাড়ী হেল্পলাইন-এর উদ্যোগে প্রায় ২০০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে রক্তদান বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং জরুরি প্রয়োজনে নিজের রক্তের গ্রুপ জানা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের আমতলী সাহিবা সুলতানা দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে মাদরাসার প্রায় ২০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি তাদের রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত সংগ্রহের প্রয়োজনীয়তা এবং মানবিক কাজে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয়।
হবিরবাড়ী হেল্পলাইনের সভাপতি রোমান আহমেদ নকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী শিক্ষক কবি ও শিক্ষক সফিউল্লাহ আনসারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন হবিরবাড়ী হেল্পলাইনের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিব জিহাদী, সহসভাপতি আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক আইরিন খানম, রক্ত ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হাসানুর রহমান রাফি, কার্যকরী সদস্য আদিবা সুলতানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এর আগে অনেকেই নিজেদের রক্তের গ্রুপ জানতেন না। বিনামূল্যে এ সেবার মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে আনন্দিত। ভবিষ্যতে প্রয়োজন হলে স্বেচ্ছায় রক্তদানেও আগ্রহী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মাদরাসার শিক্ষকরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এমন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
হবিরবাড়ী হেল্পলাইনের সভাপতি রোমান আহমেদ নকিব বলেন, 'চেতনায় ৭১, লক্ষ্য মানবসেবা'—এই স্লোগানকে ধারণ করে হবিরবাড়ী হেল্পলাইন প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিও তারই অংশ। তিনি বলেন, 'আমরা চাই সবাই স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে এগিয়ে আসুক। আসুন, আমরা সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করি।'
তিনি আরও জানান, ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে হবিরবাড়ী হেল্পলাইন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন