বাগেরহাটে জ্বালানি তেলের কৃত্রিম সংকট! যৌথ অভিযানে ১২ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ!

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের মোংলা উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকটে যখন সাধারণ মানুষ ও পরিবহন খাত চরম ভোগান্তিতে, ঠিক সেই সময় অসাধু ব্যবসায়ী ও কিছু সরকারি-বেসরকারি ডিপো সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। এ অভিযোগের সত্যতা মিলেছে যৌথ বাহিনীর অভিযানে। মধ্যরাতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মোংলার দ্বিগরাজ এলাকায় অবস্থিত একটি তেল ডিপোতে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল উদ্ধার করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংকটের মাঝেই মজুদ বাণিজ্যের অভিযোগ

কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে পেট্রোল, অক্টেন ও ডিজেলের সরবরাহ সংকট দেখা দেওয়ায় জনজীবনে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেল মজুদ করছে—এমন অভিযোগ দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল।

এরই অংশ হিসেবে মোংলা উপজেলার বিভিন্ন তেল ডিপো ও সরবরাহকারী প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো হয়। ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানাও করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেড প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে প্রতিষ্ঠানের তিনটি সংরক্ষণ ট্যাংকে বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়।

পরবর্তীতে সরেজমিনে পরিমাপ এবং কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল বৈধ নথিপত্র ছাড়াই অতিরিক্তভাবে মজুদ রাখা হয়েছে।

১২ লাখ টাকার বেশি মূল্যের তেল জব্দ

অভিযানকারী কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ডিজেলের বাজারমূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা। জব্দ করা তেল নিরাপদে সংরক্ষণ করা হয়েছে এবং কাগজপত্রবিহীনভাবে তেল মজুদের বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ বিভাগ)-এর তত্ত্বাবধানে চলমান রয়েছে।

বাজার স্থিতিশীল রাখতে অভিযান চলবে

কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মোংলা বন্দর ও আশপাশ এলাকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন