জাতীয় সংসদের ক্ষমতার কাঠামোয় আমূল পরিবর্তনের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বললেও গোপনে ‘না’ ভোটের পক্ষে কাজ করছে। এই দ্বিমুখী রাজনীতি জনগণের সঙ্গে প্রতারণার শামিল এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন, জাতীয় পার্টি রাজনৈতিকভাবে মৃত।
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুরের কাউনিয়া উপজেলার রংপুর-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির প্রতি আমাদের স্পষ্ট বার্তা, গণভোট নিয়ে মুখে যা বলছেন, তা মাঠের রাজনীতিতে প্রমাণ করুন।
জনতার কাতারে নেমে আসুন। দ্বৈত ভূমিকা রেখে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়।
তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সংসদের ক্ষমতার কাঠামো পরিবর্তন করা হবে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।
জাতীয় পার্টিকে কটাক্ষ করে এনসিপির এই নেতা বলেন, আমরা যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি, তখন ভারতের দোসর জাতীয় পার্টি প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।
জাতীয় পার্টি রাজনৈতিকভাবে মৃত। আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে।
এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের প্রশংসা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আখতার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ। দেশের যেকোনো প্রান্ত থেকে নির্বাচনে জয়ী হওয়ার মতো জনপ্রিয়তা ও নেতৃত্বগুণ তার রয়েছে।
কাউনিয়া ও পীরগাছার মানুষ যদি দায়িত্ব নেয়, তবে তাকে বিজয়ী করা কেউ ঠেকাতে পারবে না।
অর্থ ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কাছে অবৈধ টাকা নেই। আমরা চাঁদাবাজি বা জুলুম করে অর্থ সংগ্রহ করিনি। কিন্তু আমাদের আছে সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনা, আছে স্বচ্ছতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। এই শক্তিতেই আমরা এগিয়ে যেতে চাই।
ভোটারদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ভোটের আগের দিন যারা শাড়ি, লুঙ্গি কিংবা টাকা নিয়ে আপনার দরজায় আসবে, ১২ তারিখ তাদের প্রত্যাখ্যান করবেন। সাময়িক কিছু সুবিধার লোভে পড়লে একদিনের আরামের বিনিময়ে আগামী পাঁচ বছর গোলামি করতে হবে। পরিবর্তনের যে সুবর্ণ সুযোগ এসেছে, তা হাতছাড়া করা যাবে না।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেন।
জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ভূঁইয়া সজীবসহ এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন