জিবিনিউজ 24 ডেস্ক //
সিলেট শহরতলির শাহপরাণ থানাধীন খাদিম বিআইডিসি এলাকায় ছুরিকাঘাতে খুন হওয়া তরুণ নাইম আহমদ (২২)-কে বন্ধুরা জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে যায় বলে জানিয়েছেন তার মামা আলাউদ্দিন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা দেড়টার দিকে নাইমকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়।
পরে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের শেষ প্রান্তে লেকের পাশ থেকে নাইমের রক্তাক্ত লাশ উদ্ধার করে শাহপরাণ থানাপুলিশ। এসময় নাইমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়।
নাইম আহমদ শাহপরাণ থানাধীন পাঁচঘড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সে স্থানীয় মোহাম্মদপুর এলাকায় নানার বাড়িতে থাকত। নাইম পেশায় একজন থাই মিস্ত্রি।
নাইমের মামা মো. আলাউদ্দিন সিলেটভিউ-কে বলেন, নাইম কাজ না থাকায় মঙ্গলবার দুপুরে ঘরেই শুয়ে ছিলো। বেলা দেড়টার দিকে নাইমের বন্ধুরা জন্মদিনের পার্টির কথা বলে তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। তবে কে বা কারা নাইমকে ফোন করে ডেকে নিয়ে যায় নির্দিষ্ট করে তাদের নাম বলতে পারছেন না আলাউদ্দিন।
বন্ধুদের সঙ্গে কোনো বিরোধ ছিলো কি-না এমন প্রশ্নের জবাবে আলাউদ্দিন বলেন, কয়েকদিন আগে শুনেছিলাম বন্ধুদের সঙ্গে নাইমের কী নিয়ে একটা ঝামেলা হয়েছে। তবে কী বিষয়ে সেটি জানি না।
আলাউদ্দিন তার ভাগ্নের খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।
এদিকে, এ রিপোর্ট লেখা (মঙ্গলবার রাত সাড়ে ১১টা) পর্যন্ত নাইমের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা ছিলো। ময়না তদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
অপরদিকে, এ খুনের ঘটনায় নাইমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন