আইনি নোটিশের জবাব দিলেন শাহরুখ-অজয়-টাইগার

বিমল এলাচির বিজ্ঞাপন নিয়ে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। তিন অভিনেতার কাছ থেকেই জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মহারাষ্ট্র এফডিএর কমিশনার তুকারাম মুন্ধে।

 

 

এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তিন অভিনেতার মধ্যে দুজন ব্যক্তিগত শুনানির আবেদন করেছিলেন। তাদের সেই শুনানিও শেষ হয়েছে। এখন নোটিশের পরবর্তী প্রক্রিয়ার দিকে এগোচ্ছে কর্তৃপক্ষ।

তুকারাম মুন্ধে বলেন, ‘তিনজন অভিনেতার কাছ থেকে নোটিশের জবাব পাওয়া গেছে।

তাদের মধ্যে দুজন শুনানির আবেদন করেছিলেন। গতকাল তাদের শুনানি শেষ হয়েছে। এখন আমরা পরবর্তী প্রক্রিয়ায় এগোচ্ছি।’ 

 

এর আগে আগস্টে বিমল এলাচির একটি বিজ্ঞাপনে অভিনয়ের কারণে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে কারণ দর্শানোর নোটিশ দেয় মহারাষ্ট্র এফডিএ।

কর্তৃপক্ষের অভিযোগ, বিজ্ঞাপনটি পরোক্ষভাবে বা ‘সারোগেট অ্যাডভার্টাইজিং’-এর মাধ্যমে বিমল পানমসালা ব্র্যান্ডের প্রচার করতে পারে। মহারাষ্ট্রে পানমসালা নিষিদ্ধ থাকায় বিজ্ঞাপনটি নিয়ে আপত্তি জানানো হয়।

 

নোটিশে তিন অভিনেতার কাছে বিজ্ঞাপনে তাদের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। পাশাপাশি তাদের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেওয়া হবে না, সেটিও জানতে চাওয়া হয়। অভিনেতাদের সঙ্গে করা চুক্তি, বিজ্ঞাপনের পরিকল্পনা, পারিশ্রমিকের তথ্য এবং ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার আগে যথাযথ যাচাই করা হয়েছিল কি না—এসব সংক্রান্ত নথিও চেয়েছিল এফডিএ।

 

 

এফডিএর দাবি, বিজ্ঞাপনটি মূলত বিমল ব্র্যান্ডের সঙ্গে পানমসালার সংযোগকে পরোক্ষভাবে তুলে ধরতে পারে। এ কারণে এটিকে ‘সারোগেট বিজ্ঞাপন’ হিসেবে দেখা হচ্ছে। এর আগে মহারাষ্ট্র এফডিএ জানিয়েছিল, পানমসালা বিক্রির ওপর রাজ্যে নিষেধাজ্ঞার ভিত্তিতেই বর্তমান পদক্ষেপ নেওয়া হয়েছে। 

নোটিশ পাওয়ার পর অভিনেতাদের ১৫ দিনের মধ্যে লিখিত জবাব ও প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছিল। পাশাপাশি বিজ্ঞাপনটির প্রচারণায় তাদের ভূমিকা বন্ধ এবং সংশ্লিষ্ট প্রচারসামগ্রী সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশও দেওয়া হয়েছিল। 

এখন তিন অভিনেতার জবাব ও শুনানির তথ্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে মহারাষ্ট্র এফডিএ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন