ইরান সংঘাতকে ‘তুচ্ছ’ উল্লেখ করে ভ্যান্সের বক্তব্যে সমর্থন ট্রাম্পের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান লড়াইকে ‘যুদ্ধ’ বলতে অস্বীকৃতি জানানো ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এই সংঘাত ‘তুচ্ছ’ বা খুব বড় কোনো বিষয় নয়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 

 

ভ্যান্সের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি ভ্যান্সের বক্তব্য বুঝতে পারছেন। তিনি জানান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা এখন অনিয়মিতভাবে চলছে। এ কারণে ভ্যান্স কেন এটিকে ‘যুদ্ধ’ বলতে চাইছেন না, তা তিনি বুঝতে পারছেন বলেও জানান ট্রাম্প।

 

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের ৩৭.৫ বিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের লড়াই শুরু হয়। এর এক দিন আগে, বৃহস্পতিবার, হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, তিনি ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করবেন না।

 

আগামী ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে এই সংঘাত শেষ হবে কি না, এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, তিনি এ বিষয়ে কোনো ভবিষ্যদ্বাণী করতে চান না। তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে কোনো সক্রিয় গোলাগুলি চলছে না।’ ট্রাম্প ও ভ্যান্সের এসব বক্তব্য থেকে বোঝা যায়, মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে চলমান সংঘাতকে পূর্ণাঙ্গ যুদ্ধের পরিবর্তে সীমিত সামরিক সংঘাত হিসেবে তুলে ধরতে চাইছে। তবে এতে ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় এবং মার্কিন সেনাদের প্রাণহানি ঘটেছে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন ইরানের সঙ্গে চলমান লড়াইকে ‘যুদ্ধ’ বলতে অস্বীকৃতি জানাচ্ছিলেন, তখনই বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েতে হামলা চালায় ইরান।

চলতি সপ্তাহের শুরুতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একাধিক হামলার জবাবে এই হামলা চালানো হয়।

 

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রাণহানি সাম্প্রতিক কয়েকটি মার্কিন যুদ্ধের তুলনায় কম। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে এখন পর্যন্ত শুধু বিমান হামলা চালিয়েছে এবং সেখানে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হয়নি।

ট্রাম্প এ সময় ইরান সংঘাতে মার্কিন সেনাদের প্রাণহানির সঙ্গে অন্যান্য সংঘাতের তুলনাও করেন। তিনি ভেনেজুয়েলা ও ভিয়েতনাম যুদ্ধের উদাহরণ দেন। 

ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হয়নি। আর ইরান সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ভিয়েতনাম যুদ্ধের প্রসঙ্গে ট্রাম্প বলেন, সেখানে প্রায় এক লাখ মার্কিন সেনা নিহত হয়েছিলেন। তবে মার্কিন ন্যাশনাল আর্কাইভসের তথ্য অনুযায়ী, ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৫৮ হাজার ২২০ সদস্য নিহত হন।

এক সাংবাদিক ১৮ জন মার্কিন সেনার মৃত্যুর পরও ইরান সংঘাতকে ‘তুচ্ছ’ বলার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প তার আগের বক্তব্যই পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এই সামরিক অভিযান ইরানের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করেছে।

ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কারণ, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠত। ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, তার প্রশাসন প্রায় ছয় মাস ধরে চলা এই সংঘাতকে সীমিত সামরিক অভিযান হিসেবে তুলে ধরতে চাইছে। তবে সংঘাতটিতে একাধিক হামলা, বিপুল অর্থ ব্যয় এবং মার্কিন সেনাদের প্রাণহানির ঘটনা ঘটেছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন