সিলেটে সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ আটক ১২

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আট রোহিঙ্গা নারী-পুরুষ ও চার দালালকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরেরমাটি মাদ্রাসার সামনে থেকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আটকের।

আটক রোহিঙ্গারা হলেন—এনায়েত হোসেন (১৮), আব্দুল মুবিন (২৪), জুবের আহমদ (১৮), আজিদা বেগম (১৮), জামিলা বেগম (২০), ফাতেমা বিবি (১৮), নুর ফাতেমা (১৮) ও আজিদা (১৮)। তারা সবাই মিয়ানমারের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের সন্ধানে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ওই আট রোহিঙ্গা কানাইঘাটে আসেন। তাদের দনা সীমান্ত দিয়ে ভারতে পাঠানোর জন্য কানাইঘাটের দুই দালাল আছাদ আহমদ ও সাদ্দাম হোসেনের মাধ্যমে সিলেটের কদমতলী থেকে নিয়ে আসা হয়।

আছাদ আহমদ কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল বাঙ্গীছড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। সাদ্দাম হোসেন বড়খেরড় গ্রামের বাতা মিয়ার ছেলে। তাদের সঙ্গে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের মৃত হেদায়েতুল ইসলামের ছেলে রফিক আহমদ ও নেত্রকোনা সদর উপজেলার মইন নুরুলীয়া গ্রামের মৃত আবুল কাশের ছেলে এলাছ উদ্দিন ছিলেন। তারা অটোরিকশা (সিএনজি) চালক বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, দালাল সাদ্দাম ও আছাদ দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। দনা এলাকা ছাড়াও কানাইঘাটের বিভিন্ন সীমান্ত দিয়ে অর্থের বিনিময়ে রোহিঙ্গাসহ বিভিন্ন মানুষকে ভারতে পাচার এবং সীমান্ত পারাপারের কাজ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র আরও জানায়, আট রোহিঙ্গাকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কানাইঘাটে নিয়ে আসা হয়। এরপর দিঘীরপাড় ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের বটরবাজার এলাকায় সুরমা নদীর ঘাটে একটি নৌকা ভাড়া করে রাখা হয়। সিএনজি থেকে নামিয়ে ওই নৌকায় করে দ্রুত দনা সীমান্তে নেওয়ার পরিকল্পনা ছিল।

তবে রোহিঙ্গাদের নিয়ে আসতে সাদ্দাম ও আছাদের কিছুটা দেরি হওয়ায় নৌকার মাঝি তাদের মুঠোফোনে বারবার যোগাযোগ করেন। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা নৌকাঘাটের কিছুটা দূরে কুওরেরমাটি মাদ্রাসার সামনে দুটি সিএনজি অটোরিকশায় থাকা রোহিঙ্গা ও দালালদের আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কানাইঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আট রোহিঙ্গাসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আট রোহিঙ্গা ও দালালসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন