মৌলভীবাজার প্রতিনিধি //
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতের দিক থেকে ‘পুশইন’ করে পাঠানো ১০ বাংলাদেশি নাগরিককে স্বজনদের কাছে হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ। গতকাল শনিবার (৯মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর। ভারত থেকে আসা হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের রাহুল তালুকদার (৩০), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪০), সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৫০), তার স্ত্রী সুমিত্রা দাস (৪৫), মেয়ে অনামিকা দাস (১৮) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৭), হামতপুর গ্রামের গোপাল দাস (২৮), সুনামগঞ্জ সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৭) এবং তার স্ত্রী ফাতেমা বেগম (২০)। এস,আই ফরহাদ মাতব্বর জানান, গত শুক্রবার সকালে কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তসংলগ্ন চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহল দল। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। স¤প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে এবং পরে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করে। খবর পেয়ে রাতেই স্বজনরা থানায় এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন