ছবিসহ ব্যানার টানানোয় ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী, অতঃপর...

gbn

আগেকার দিনে সচিবালয়ে মন্ত্রণালয়ের সামনে শোভা পেতে তৎকালীন মন্ত্রীদের ছবি সম্বলিত ব্যানার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে সালাহউদ্দিন আহমদের ছবিসহ একই ধরনের ব্যানার ঝুলছে। আর মন্ত্রণালয়ের প্রাঙ্গনে তৈরি মঞ্চ। যেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

বিছানো হয়েছিল লাল গালিচা।

 

সকাল থেকে বিকেল পর্যন্ত মন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কিন্তু তিনি কেবিনেট বৈঠক শেষে বিকেলে আসেন। এরপর তিনি মন্ত্রণালয়ে যোগদান করে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় ও মত বিনিময় করেন।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সভায় বিশাল ব্যানার টানানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মন্ত্রী। সেই সঙ্গে এ কাজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নয় বলে মন্তব্য করেন তিনি। ওই সময় তিনি ব্যানারটি নামিয়ে ফেলার নির্দেশ দেন। কিছুক্ষন পরই ব্যানারটি নামিয়ে ফেলা হয় বলে জানা গেছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজ রাতে কালের কণ্ঠকে বলেন, সালাহউদ্দিন আহমদ শুধু ব্যানার দেখে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখাননি, তিনি গার্ড অব অনারও নিতে চাননি। পরে অনুরোধ করে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন, তখন অনেকে তাকে ফুল দিয়ে বরণ করতে যান। এ সময়টিতেও তিনি বাধা দেন।

এক কর্মকর্তা বলেন, স্বল্প সময়ের সভায় নতুন স্বরাষ্ট্রমন্ত্রী যে ম্যাসেজ দিয়েছেন তাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের কাঁপুনি শুরু হয়েছে।

এ ছাড়া বিশাল ব্যানার টানিয়ে মন্ত্রীকে খুশি করতে গিয়ে হিতে বিপরীত হলো। আগের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান ব্যানার টানানো পছন্দ করতেন বলে সেটি টানিয়ে রাখা হতো। 

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মত বিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। 

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, কর্মকর্তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। কোনো প্রকার অবৈধ তদবির চলবে না। আর বিভিন্ন বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই। মব কালচার শেষ। দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না।’

তিনি বলেন, ‘তবে যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল ও সমাবেশ করা যাবে, স্মারকলিপিও দেওয়া যাবে। আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই।’

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় মন্ত্রী বলেন, পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন