ইয়ানূর রহমান : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কুকুর হত্যার অভিযোগে প্রধান রেজিষ্টারসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার পিপুল ফর এনিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য যশোর শহরের ষষ্টিতলা বিপি রোডের বাসিন্দা পরিবেশবাদী সওগাত কামাল বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আরমান হোসেন অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিয়ষটি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মাহমুদ হাসান বুলু। আসামিরা হলো, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান রেজিস্টার ইঞ্জিনিয়ার আহসান হাবীব, স্টেট এবং নিরাপত্তা শাখার এসএম হাসান আলী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা মনিরুজ্জামান মুন্সি ও চুয়াডাঙ্গা আলমডাঙ্গার রাধিকাগঞ্জ গ্রামের আলম মিয়ার ছেলে জাকির মিয়া। মামলার অভিযোগে জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ার হোসেনের প্রধান রেজিস্টার আহসান হাবীবের নির্দেশ ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী ক্যাম্পাসের কুকুর হত্যার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী চুয়াডাঙ্গা থেকে জাকির মিয়াসহ আরও দুইজনকে দুই হাজার টাকায় চুক্তি করা হয়। গত ২৮ স্টেপ্টেম্বর সকালে ইঞ্জিনিয়ার আহসান হাবীবের নির্দেশে অপর আসামিরা ক্যাম্পাসের ১৮টি কুকুর ধরে ইনজেকশনের মাধ্যমের বিষ প্রয়োগ ও হত্যা করে। এরপর মৃত কুকুরগুলো বিশ্ববিদ্যালয়ের বর্জ ব্যবস্থাপনার ভ্যানে উঠিয়ে একাডেমিক ভবনের পিছনে গর্ত করে পুতে রাখা হয়। ক্যাম্পসে কুকুর হত্যার বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় কোতোয়ালি থানা ও উপজেলা প্রাণীসম্পদ দফতরে অভিযোগ দিলে তারা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।#
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন