জাল ভিসা চক্রের হোতা যশোরের রফিকুল খুলনায় র‌্যাবের হাতে আটক

ইয়ানূর রহমান : জাল ভিসা চক্রের হোতা যশোরের রফিকুল খুলনায় র‌্যাবের হাতে আটক হয়েছে।  বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এ প্রতারক। 

যশোর ও খুলনা র‌্যাবের যৌথ উদ্যোগে শনিবার সন্ধ্যার পর খুলনা শহরের সোনাডাঙ্গা থেকে তাকে আটক করা হয়। সে যশোর শহরের বেজপাড়া মেইন রোডের নুর আলী গাজীর ছেলে। আটকের পর র‌্যাবের কাছে তিনি প্রতারণার কথা স্বীকার করেন বলে র‌্যাব-৬ খুলনা জোনের এসপি  মাহফুজুল ইসলাম জানান। 
এ ঘটনায় ভুক্তভোগী যশোরের বাঘারপাড়া উপজেলার শালবরাট গ্রামের ওলিয়ার রহমানের ছেলে রায়হান উদ্দিন কোতোয়ালি থানায় মামলা করেছেন। তিনি মামলায় উল্লেখ করেছেন, তার পাশের এলাকার শরিফুল ইসলামের মাধ্যমে চার-পাঁচ মাস আগে রফিকুলের সাথে পরিচয় হয়। এরপর রফিকুল তাকে ফ্রান্সে নিয়ে যাওয়ার প্রলোভন  দেন। গত অক্টোবরের প্রথম সপ্তাহে রায়হানের শ্বশুরবাড়ি শেখহাটি থেকে ২৬ হাজার টাকা নগদ নেন। এরপর ১৬ নভেম্বর ব্যাংকের মাধ্যমে পাঁচলাখ ৫০ হাজার টাকা, ২২ নভেম্বর দুই লাখ ৯০ হাজার ও একইদিন বিকাশের মাধ্যমে আরও ৩০ হাজারসহ বিভিন্ন সময়ে মোট আট লাখ ৯৬ হাজার টাকা নেন। এরপর আসামি তাকে ভিসা করে দেন। ওই ভিসা নিয়ে গত ১৪ ডিসেম্বর ঢাকার ফ্রান্স অ্যাম্বাসিতে গিয়ে জানতে পারেন ভিসাটি জাল। পরে বিষয়টি রফিকুলকে জানিয়ে টাকা ফেরত চাইলে তালবাহানা করেন। বাধ্য হয়ে তিনি র‌্যাবের আশ্রয় নেন।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার নাজিউর রহমান জানান, তাদের কাছে অভিযোগ আসে ভারতের দিল্লির পাহাড়ডাঙ্গায় ভিসা জালিয়াতি চক্র ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে বোকা বানিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এরপর ভিসার নাম করে দিল্লিতে নিয়ে যায়। দিল্লিতে নিয়ে পাসপোর্ট আটকে জিম্মি করে রাখেন। আবার কখনো জাল ভিসা দিয়ে দেশে পাঠিয়ে দেন। প্রতারক রফিকুল খুলনায় অবস্থান করছিলেন। ওইসময় তিনি খুলনা র‌্যাবের সহযোগিতা নেন।  বিষয়টি র‌্যাব-৬ খুলনা জোনের এসপি মাহফুজুল ইসলামকে জানান। এরপর খুলনা র‌্যাবের একটি টিম সোনাডাঙ্গা থেকে তাকে আটক করে  কোতোয়ালি থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা তদন্ত শুরু করেছেন। তদন্তে উঠে এসেছে যশোরে আটক রফিকুলের স্থায়ী বাড়িঘর নেই। ভাসমান অবস্থায় থেকে তিনি ভিসা জালিয়াতিসহ বিভিন্নভাবে প্রতারণা করে থাকেন।#

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন