জিবি নিউজ ডেস্ক, ১৪ অক্টোবর ২০২৬ ||
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কৃতী সন্তান অধ্যাপক ডা. তহুর আবদুল্লাহ চৌধুরী। তিনি কলেজের চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
কলেজের বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর দায়িত্বকাল শেষ হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ডা. তহুর আবদুল্লাহ চৌধুরী। সিলেট শহরের মিরবক্সটুলাস্থ উইমেন্স কলেজে ১ অক্টোবর আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী নবনিযুক্ত অধ্যক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন, এবং অধ্যাপক ডা. তহুর আবদুল্লাহ চৌধুরী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অধ্যাপক ডা. তাহুর আবদুল্লাহ চৌধুরীর পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুরের ভুগা গ্রামে । তিনি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে চিকিৎসা-বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা পিজি হাসপাতাল থেকে ডারমাটোলজিতে উচ্চতর ডিগ্রি লাভ করেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মেডিকেল এডুকেশনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তাঁর পিতা মরহুম আবদুশ শুকুর চৌধুরী সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এম.সি.) কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন । কর্মজীবনের শুরুতে মরহুম আব্দুশ শুকুর শাহবাজপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী কটন মিলে শ্রমকল্যাণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক জীবনে অধ্যাপক ডা. তহুর আবদুল্লাহ চৌধুরী দুই পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তাঁর দুই ছেলে বর্তমানে অস্ট্রেলিয়ায় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। একমাত্র কন্যা ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
তাঁর সহধর্মিণী সিলেটের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দনিকেতন-এ ইংরেজি বিষয়ের শিক্ষক ও কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের মতো একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে অধ্যাপক ডা. তহুর আবদুল্লাহ চৌধুরীর নিয়োগ তাঁর পেশাগত জীবনে একটি উল্লেখযোগ্য অর্জন । নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, মেডিকেল শিক্ষার মানোন্নয়ন এবং একাডেমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন