বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক ফলের আশা মার্কিন রাষ্ট্রদূতের

পারস্পরিক বাণিজ্য চুক্তির (অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড) আওতায় বাংলাদেশ তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করলে আগামী ৩০ বছর এবং তার পরেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্কে আরো ইতিবাচক ফলাফল দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ৩০ বছর পূর্তিতে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশকে অভিনন্দন। গত ৩০ বছর ধরে অ্যামচ্যাম বাংলাদেশ যেমন যুক্তরাষ্ট্র সরকারের একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করেছে, তেমনি আমি আত্মবিশ্বাসী যে পারস্পরিক বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশ তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করলে আগামী ৩০ বছর এবং তার পরেও আমরা আরো ইতিবাচক ফল দেখতে পাব।’

অনুষ্ঠানে অ্যামচ্যামের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারের নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ অতিথিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগে অ্যামচ্যামের তিন দশকের অবদান স্মরণে এ আয়োজন করা হয়।

 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে প্রদর্শিত হয় অ্যামচ্যামের ৩০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত স্মারক প্রামাণ্যচিত্র ‘৩০ ইয়ার্স অব মেকিং পসিবিলিটিজ পসিবল’।

স্বাগত বক্তব্যে অ্যামচ্যাম বাংলাদেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল তিন দশক আগের একটি স্বপ্ন থেকে ব্যবসা, বিনিয়োগ ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারির একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হওয়ার পথে অ্যামচ্যামের যাত্রা তুলে ধরেন। তিনি চেম্বারের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক নেতৃবৃন্দের দূরদর্শিতা, নেতৃত্ব ও অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।

 

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আগামী দুই বছরের একটি সুস্পষ্ট জ্বালানি রোডম্যাপ, বিনিয়োগবান্ধব পরিবেশ, মেধাস্বত্ব অধিকার ও সাইবার নিরাপত্তায় অধিকতর মনোযোগ এবং নিয়ন্ত্রক সংস্কারের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অ্যামচ্যাম ও এর সদস্য প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক অভিজ্ঞতা, প্রযুক্তি, জ্ঞান ও সক্ষমতাকে আরো সক্রিয়ভাবে কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অ্যামচ্যাম বাংলাদেশের সহসভাপতি ও মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘অ্যামচ্যাম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ চালুর ঘোষণা দেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন