রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক রূপকথার জন্ম দিল কেপ ভার্দে। আটলান্টিক মহাসাগরের ছোট্ট এক দ্বীপদেশ, জনসংখ্যায় বিশ্বকাপের ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম।

কিন্তু মাঠের পারফরম্যান্সে তারা টেক্কা দিচ্ছে বিশ্বফুটবলের পরাশক্তিদের। নিজেদের অভিষেক বিশ্বকাপেই চমক দেখিয়ে ‘এইচ’ গ্রুপ থেকে অপরাজিত থেকে নকআউট পর্ব বা শেষ ৩২-এর টিকিট কেটেছে তারা। আর তাতেই নির্ধারিত হয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শেষ ৩২-এর প্রতিপক্ষ।

 

আজ হিউস্টনে গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়েছিল কেপ ভার্দে।

ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে পা রাখে তারা। গ্রুপ রানার্সআপ হওয়ায় আগামী ৪ জুলাই মায়ামিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে এই পুচকে দলটি। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে মাঠের সেই লড়াই।

 

কাগজে-কলমে আর্জেন্টিনা ফেবারিট হলেও লিওনেল স্কালোনির শিষ্যদের স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই।

গ্রুপ পর্বে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের বুক থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে মাত্র সাড়ে ৫ লাখ জনসংখ্যার এই দেশটি। প্রথম ম্যাচে স্পেনের সাথে গোলশূন্য ড্র করার পর, দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মতো শক্তিশালী দলকেও আটকে দেয় তারা।

 

‘এইচ’ গ্রুপের অপর ম্যাচে উরুগুয়ের গোলকিপারের ভুলে পাওয়া একমাত্র গোলে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে লাতিন পরাশক্তিদের।

ম্যাচের ৪২ মিনিটে স্পেনের পক্ষে জয়সূচক গোলটি করেন অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা।

তবে এই গোলের পেছনে উরুগুয়ের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলকিপার ফার্নান্দো মুসলেরার দায়ই বেশি। বায়েনার শট ঠেকাতে ডাইভ দিলেও অবিশ্বাস্যভাবে বলটি গ্লাভসবন্দী করতে ব্যর্থ হন তিনি। এই ভুলের খেসারত হিসেবে প্রথমার্ধ শেষেই মুসলেরাকে মাঠ থেকে তুলে নেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা।

 

ম্যাচজুড়ে স্পেনের দাপটই ছিল বেশি। ৮৭ মিনিটে ফেরান তোরেসের শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত। ম্যাচের শেষ দিকে (৮৯ মিনিটে) লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। এই হারের ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো উরুগুয়েকে।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ৩২-এর রাউন্ডে ‘জে’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে স্পেন। অস্ট্রিয়া নাকি আলজেরিয়া—কারা হচ্ছে স্পেনের প্রতিপক্ষ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় রাত ১টায় শেষ ষোলোর লক্ষ্যে মাঠে নামবে স্প্যানিশরা। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন