শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া আজ বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে চায়।
শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বিদায়ি সাক্ষাৎ করতে গেলে দেশটির প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শ্রীলঙ্কায় বাংলাদেশ মিশনের এক বিবৃতিতে বলা হয়, হাইকমিশনারের মেয়াদকালে নেওয়া উদ্যোগগুলো—বিশেষ করে বাণিজ্য ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি অব্যাহত থাকবে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে সহায়তা করবে বলে অমরাসুরিয়া আশা প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দক্ষিণ এশীয় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে হাইকমিশনার ইলিয়াসের ঐকান্তিক প্রচেষ্টার প্রশংসা করেন।
শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার এবং বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন