৬ মৃত শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরো ৪৮ ঘণ্টা সময় চেয়েছে প্রতিষ্ঠানটি।

 

রবিবার (৭ জুন) দুপুরে সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান আদ্-দ্বীন হাসপাতালের আইনজীবী শিশির মনির।

শিশির মনির জানান, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে যৌথ আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতেই প্রতিটি সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্ষতিপূরণের বাইরেও হাসপাতাল থেকে আগে ঘোষিত অন্য সুযোগ-সুবিধা বহাল থাকবে।

 

তিনি আরো উল্লেখ করেন, নির্ধারিত ক্ষতিপূরণের মধ্য থেকে ইতোমধ্যে প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে আইনজীবী শিশির মনির বলেন, নবজাতকদের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল হবে না—স্বাস্থ্য অধিদপ্তরের এমন শোকজের জবাব দিতে তারা আরও ৪৮ ঘণ্টা বা আগামী ৯ জুন পর্যন্ত সময় প্রার্থনা করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ আইনজীবীকে সঙ্গে নিয়ে সশরীরে উপস্থিত হয়ে এই শোকজের জবাব দিতে চায়।

এদিকে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের সময় বৃদ্ধির আবেদনের বিষয়ে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি জানান, শোকজের জবাব দেওয়ার নির্ধারিত সময় ছিল আজ রবিবার বিকেল ৫টা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সময় বৃদ্ধির একটি চিঠি পাওয়া গেছে।

 

মহাপরিচালক আরো জানান, নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়া না গেলে বা আবেদন মঞ্জুর না হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আজকেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন