যশোর প্রতিনিধি :
৫০ কোটি টাকার মানহানী মামলায় জামিন পেয়েছেন। যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। বুধবার আদালতে তিনি হাজির হয়ে জামিন প্রার্থণা জানালে কেশবপুর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক তার জামিন মঞ্জুর করেন। একই সাথে মামলাটি আমলি আদালত থেকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে বদলি করে আগামী ৩ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন। এরআগে গত ১৪ সেপ্টেম্বর কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আযহারুল ইসলাম মানিক বাদী হয়ে যশোর আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেন। তিনি মামলায় উল্লেখ করেন, গত ৭ সেপ্টেম্বর একটি দৈনিকে একজন এমপির বিরুদ্ধে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় তারা বিস্মিত, মর্মাহত এবং বিক্ষুব্ধ হয়েছেন। আসামি আনোয়ার হোসেন বিপুল সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলকভাবে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে ওই এমপির বিরুদ্ধে হত্যা পরিকল্পনার অভিযোগ উত্থাপন করেন। এ কারণে সংসদ সদস্য ও বাদীর সম্মানহানিতে ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
এদিকে, আনোযার হোসেন বিপুলের আইনজীবী মোহাম্মদ আলী রায়হানের দাবি, এটা রাজনৈতিকভাবে হয়রানী করতে বিপুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মানহানির মামলা করা হয়েছে।
উল্লেখ্য, এমামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, যশোর অফিসের সাংবাদিক মনিরুল ইসলাম ও মাসুদ আলমকে আসামি করা হলেও আদালত তা আমলে নেননি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন