বোমা হামলার ধারাবাহিক হুমকিতে বেসামাল ইউরোপ

ইউরোপজুড়ে বোমা হামলার হুমকির নজিরবিহীন ঢেউয়ের প্রতিক্রিয়া জানাতে হিমশিম খাচ্ছে গোটা মহাদেশটি। কারণ এসব ঘটনার পেছনে কারা রয়েছে তা এখনো স্পষ্ট নয়।

বিভিন্ন সংস্থা ও দেশ নিজেদের মতো প্রতিক্রিয়া জানালেও সমন্বিত উদ্যোগের কথাও ভাবা হচ্ছে।

 

অক্টোবর থেকে মূলত ইমেইলের মাধ্যমে এসব হুমকি পাঠানো হয়। তবে এখন পর্যন্ত সবকটিই ভুয়া প্রমাণিত হয়েছে। তবে হুমকিগুলো মহাদেশজুড়ে একাধিক সংবাদমাধ্যম, ৫০টিরও বেশি ফ্লাইট, হাজার হাজার স্কুল এবং অন্তত একটি প্রমোদতরীতে প্রভাব ফেলেছে।

পুরো বিষয়টি ইউরোপীয় কর্তৃপক্ষের জন্য ক্রমবর্ধমান জরুরি নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে।

 

বিশ্লেষকরা বলছেন, এই ভুয়া হুমকিগুলো বেনামী ও শনাক্ত করা কঠিন এমন বার্তার বিপরীতে ইউরোপের জন-অবকাঠামোর দুর্বলতাকেও প্রকাশ করে দিয়েছে এবং জোটের মধ্যে আরো সমন্বিত প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।
ইউরোপীয় ফ্লাইটগুলোকে লক্ষ্য করে দেওয়া বোমা হামলার হুমকি কর্তৃপক্ষ গুরুত্বের সাথে নিয়েছে এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যা দেশভেদে ভিন্ন ছিল। কিছু কর্তৃপক্ষ ফ্লাইটগুলোকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দিলেও, হাঙ্গেরি এবং ফ্রান্সের মতো দেশগুলো আক্রান্ত যাত্রীবাহী বিমানগুলোকে পাহারা দিয়ে নিরাপদে নামাতে যুদ্ধবিমান পাঠিয়েছে।

 

কেউ কেউ ইউরোপীয় দেশগুলোর বিচ্ছিন্ন ও দেশভিত্তিক প্রতিক্রিয়ার পরিবর্তে পুরো জোটজুড়ে একটি অভিন্ন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন। হাঙ্গেরির স্বল্পমূল্যের এয়ারলাইন্স উইজ এয়ারের প্রধান নির্বাহী জোসেফ ভারাদি বৃহস্পতিবার আরও সুসংগত নিরাপত্তা পদ্ধতির প্রয়োজনীয়তার কথা বলেন এবং এ ধরনের ভুয়া হুমকি মোকাবিলায় একটি কেন্দ্রীয় সংস্থা গঠনের সম্ভাবনার ইঙ্গিত দেন। তিনি জানান, সমন্বিত প্রতিক্রিয়ার বিষয়ে চাপ দেওয়ার জন্য তিনি সম্প্রতি ইউরোপীয় কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। বৃহস্পতিবার ভারাদি বলেন, ‘কিন্তু সার্বভৌম জাতিরাষ্ট্রের ধারণার কারণে এটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এবং কোনো দেশই এ বিষয়ে ছাড় দিতে চায় না।’

একাধিক দেশের ওপর দিয়ে চলাচলকারী কোনো এয়ারলাইনসকে লক্ষ্য করে হুমকি দেওয়া হলে তাতে একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা জড়িত হয়ে পড়ে।

এর অর্থ হলো, হুমকির ধরন শনাক্ত করা এবং এর উৎস ও সত্যতা নির্ধারণের ক্ষেত্রে দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান বাড়ানোই মূল চাবিকাঠি হতে পারে।

 

লন্ডনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের ইউরোপ, রাশিয়া এবং ইউরেশিয়া প্রোগ্রামের পরিচালক গ্রেগোয়ার রুস বলেন, প্রাথমিক নিরাপত্তা প্রতিক্রিয়াগুলো জোরালো হলেও ইউরোপীয় দেশগুলোর মধ্যে সমন্বয় এখনো অপর্যাপ্ত। তিনি সিএনএনকে বলেন, হুমকিগুলো তুলনামূলকভাবে নতুন ঘটনা হওয়ায় বর্তমানে প্রতিটি দেশ নিজস্ব কৌশল ও মানদণ্ড অনুযায়ী প্রতিক্রিয়া জানাচ্ছে। তিনি বিশ্বাস করেন, পরিস্থিতির উন্নতির প্রথম পদক্ষেপ হবে ইউরোপজুড়ে একটি অভিন্ন হুমকি মূল্যায়ন মানদণ্ড প্রতিষ্ঠা করা। তিনি আরও মনে করেন, এসব হামলার পেছনে যে-ই থাকুক না কেন, তারা দেশগুলোর জাতীয় নিরাপত্তা পদ্ধতির পার্থক্যের সুযোগ নিচ্ছে। তিনি বলেন, ‘ইউরোপোল, জাতীয় পুলিশ, ক্ষেত্রবিশেষে আঞ্চলিক পুলিশ বাহিনী, বিমান চলাচল কর্তৃপক্ষ—সবারই কারিগরি প্রমাণগুলো তুলনা করে দেখা প্রয়োজন।’ গ্রেগোয়ার রুস বলেন, ‘এক অর্থে আপনি একটি এলোমেলো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন এবং সেই এলোমেলো প্রতিক্রিয়ার ভেতরেও আবার উপ-স্তর রয়েছে। এতে প্রতিক্রিয়া জানাতে সময় বেশি লাগছে এবং ফলস্বরূপ উদ্বেগ বাড়ার আরো বেশি সুযোগ তৈরি হচ্ছে।’

এই হুমকিগুলো আরো দেখিয়ে দিয়েছে যে, এ ধরনের ভুয়া আতঙ্ক ছড়ানো যতটা সস্তা, তা মোকাবেলা করা তার চেয়ে বহুগুণ বেশি ব্যয়বহুল। একটি মাত্র ইমেইল বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে, ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে বা সরকারি ভবন খালি করতে বাধ্য করতে পারে। এ ধরনের পদ্ধতি সরকারি সম্পদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে, দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটায় এবং জনমনে অস্বস্তি ছড়িয়ে দেয়।

এর একটি প্রতিক্রিয়া ছিল স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করা। চলতি সপ্তাহে ইতালির হাজার হাজার স্কুলে হুমকি আসার পর উদ্বিগ্ন অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মূল বার্তা ছিল শান্ত থাকা এবং বিঘ্ন যতটা সম্ভব কম রাখা। বুধবার ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি স্কুলে এবং বৃহস্পতিবার প্রায় ৩ হাজার ৭৭৮টি স্কুলে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়। শত শত স্কুল খালি করা হলেও, অনেক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয়। এই হুমকির পরিপ্রেক্ষিতে মেলোনি স্কুল খালি করার নতুন নিয়মাবলির প্রস্তাব দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কেবল গণ-ইমেইলের ওপর ভিত্তি করে স্কুল খালি করা উচিত নয়। বুধবার স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং রিপাবলিক অব আয়ারল্যান্ডের স্কুলগুলোতেও হুমকিমূলক ইমেইল পাঠানো হয়েছিল। পুলিশ সতর্ক করেছিল যে এগুলো সম্ভবত ভুয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খালি করা হয়নি।

এদিকে, হুমকি পাওয়ার পরও যুক্তরাজ্যের কিছু বিমানবন্দর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। রুস বলেন, ‘যুক্তরাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি হিথ্রো এবং বার্মিংহাম বিমানবন্দর হুমকি পাওয়ার পরও তাদের কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয়েছে। কারণ সেগুলো বিশ্বাসযোগ্য নয় বলে মূল্যায়ন করা হয়েছিল। তাই আমি মনে করি ইউরোপের অন্যদেরও এটি করা উচিত।’ তিনি আরো যোগ করেন, ‘আপনি যা ভাবছেন তার চেয়ে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ যে মুহূর্তে আপনি কোনো স্থান খালি করবেন, ঠিক সেই মুহূর্তেই আতঙ্কের মাত্রা বেড়ে যায়।’

সতর্কবার্তাগুলোর ডিজিটাল প্রকৃতি; যার অধিকাংশই ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে; তদন্তকারীদের জন্য এগুলোর উৎস খুঁজে বের করা কঠিন করে তুলেছে। যদিও এগুলোর কয়েকটিতে রাশিয়ার অতি-জাতীয়তাবাদী গোষ্ঠী ‘মেল স্টেট’-এর মতো কিছু সত্তার স্বাক্ষর ছিল, তবে কর্তৃপক্ষ সন্দেহ করছে যে এগুলো বিভ্রান্ত করার জন্য ভুয়া নাম ব্যবহার হতে পারে।

সাইবার নিরাপত্তা সংস্থা প্রুফপয়েন্ট এবং অ্যাবনরমাল সিকিউরিটি দেখতে পেয়েছে যে, হুমকির একটি বড় অংশ পাঠানো হয়েছে বৈধ ওয়েবমেইল অ্যাকাউন্ট থেকে যেগুলো হ্যাক বা ছিনতাই করা হয়েছিল। এ ধরনের কৌশল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য দায়ীদের খুঁজে বের করা কঠিন করে তোলে এবং কর্তৃপক্ষকে কেবল রক্ষণাত্মক বা প্রতিক্রিয়াশীল অবস্থানে আটকে রাখতে পারে।

প্রবল সন্দেহ রয়েছে যে এই ঘটনাগুলো তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধের’ একটি বৃহত্তর প্রচারণার অংশ হতে পারে, যেখানে শত্রুপক্ষ প্রচলিত সামরিক শক্তি ব্যবহার না করেই জনগণের আস্থা নষ্ট করতে এবং দেশগুলোকে অস্থিতিশীল করতে চায়। ইউরোপীয় কর্মকর্তারা এ ধরনের কৌশলের ঝুঁকি সম্পর্কে ক্রমবর্ধমানভাবে সতর্ক করে আসছেন এবং পশ্চিমা দেশগুলোকে দুর্বল করতে সাইবার হামলা, নাশকতা ও অপতথ্য ছড়ানোর জন্য প্রায়ই রাশিয়াকে অভিযুক্ত করা হয়। মস্কো বরাবরই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে এসেছে।

তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বোমা হামলার এই ঢেউ নিয়ে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর বিরুদ্ধে সতর্ক করেছেন। বৃহস্পতিবার তিনি বলেন, এগুলোর জন্য বিদেশি শক্তিকে দায়ী করার মতো যথেষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি। ডাবলিনে ইউরোপীয় নেতাদের এক বৈঠকে মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘আমি যখন কথা বলছি, তখন পর্যন্ত কাউকে দায়ী করার মতো পর্যাপ্ত তথ্য-উপাত্ত আমাদের হাতে নেই।’

রুসও সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে মস্কোর দিকে আঙুল তোলার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, এটি অন্যান্য সম্ভাব্য অপরাধীদের সাহস জোগাতে পারে। তিনি বলেন, ‘প্রতিবার কোনো হুমকি এলেই তা খতিয়ে না দেখে যদি আমরা তাৎক্ষণিকভাবে মস্কোকে দায়ী করি, তবে আমরা রাষ্ট্রীয় ও অ-রাষ্ট্রীয় উভয় ধরনের আরো অনেক অপরাধীকে উৎসাহিত করার ঝুঁকিতে পড়ব।’

স্কুল, এয়ারলাইনস , সংবাদমাধ্যম এবং অন্যান্য প্রতিষ্ঠানে দেওয়া এই হুমকিগুলো একে অপরের সাথে সম্পর্কিত কি না, নাকি এগুলো কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রীয় মদদপুষ্ট অভিযানের অংশ, তাও এখনো অস্পষ্ট। আপাতত মূল চ্যালেঞ্জ হলো প্রতিটি সম্ভাব্য হুমকিকে গুরুত্বের সাথে নেওয়ার পাশাপাশি এটি নিশ্চিত করা যেন বেনামী ইমেইলগুলো বারবার জরুরি সেবাগুলোকে অচল করে দিতে না পারে।

সূত্র : সিএনএন

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন