মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে একটি বিশেষ ভাষণ দেবেন। প্রাইম টাইমে সরাসরি সম্প্রচারিত এ ভাষণে তিনি নির্বাচনের সুরক্ষা, ইরান পরিস্থিতিসহ নিজের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত বিভিন্ন বিষয় তুলে ধরবেন।
প্রেসিডেন্টের এক জ্যেষ্ঠ উপদেষ্টা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভাষণের বিষয়বস্তু সম্পর্কে ওই উপদেষ্টা বলেন, এটি মূলত বিভিন্ন বিষয়ের একটি মিশ্রণ হতে যাচ্ছে।
সাংবাদিকদের মুখোমুখি হতে সব সময় প্রস্তুত থাকলেও হোয়াইট হাউস থেকে সরাসরি ক্যামেরার সামনে এমন প্রাইম টাইম ভাষণ ট্রাম্প খুব একটা দেননি। তবে উপদেষ্টা জানিয়েছেন, ট্রাম্প এখন থেকে এই ধরনের সরাসরি ভাষণ আরো বেশি দিতে চান।
সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা করেন যে, আগামী বৃহস্পতিবার পূর্ব উপকূলীয় সময় রাত ৯টায় তিনি ‘জাতির উদ্দেশে ভাষণ’ দেবেন। তবে হোয়াইট হাউসের ঠিক কোন স্থান থেকে তিনি কথা বলবেন এবং নির্দিষ্ট কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন, তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে ট্রাম্পের মাথায় এখন দুটি প্রধান ইস্যু ঘুরপাক খাচ্ছে।
ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘাতের বিষয়ে উপদেষ্টা বলেন, পরিস্থিতি প্রতি মিনিটে পাল্টাচ্ছে, তবে এটি এমন একটি বিষয় যা নিয়ে তিনি কথা বলতে চান।
এছাড়া প্রেসিডেন্ট মূলত সেভ আমেরিকা অ্যাক্ট পাস করাতে চান, যা মূলত ভোটারদের কঠোর পরিচয়পত্র যাচাই সংক্রান্ত একটি আইন।
বর্তমানে আইনটি কংগ্রেসে আটকে আছে। এ ছাড়া ২০২০ সালের নির্বাচন নিয়ে তার প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তাদের পর্যালোচনার ফলাফলও তিনি উপস্থাপন করতে পারেন।
উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে নিজের পরাজয় ট্রাম্প কখনোই স্বীকার করেননি।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন নাকচ করে দিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা।
গুজব ছড়িয়ে যে, প্রেসিডেন্ট জর্জিয়া অঙ্গরাজ্যের ২০২০ সালের সিনেট নির্বাচন নিয়ে কথা বলবেন।
ট্রাম্প শেষ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলবেন, তা আগে থেকে নিশ্চিত করে বলা কঠিন। তিনি মূলত জনগণের উদ্দেশে কথা বলতে চান এবং এটি আরো বেশি করার ইচ্ছা তার রয়েছে।
উপদেষ্টা বলেন, আমরা এই ধরনের ভাষণ নিয়মিত দেওয়ার একটি ধারা তৈরি করতে চাই। যখন আপনি প্রাইম টাইমে এমন ভাষণ দেবেন, তখন তা প্রেসিডেন্টের বক্তব্যকে মানুষের কাছে আরো বেশি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ করে তোলে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন