জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় চার বছর বয়সী ছোট ভাইয়ের সাথে খেলার সময় গলায় ওড়না পেঁচিয়ে পড়ে গিয়ে ৫ম শ্রেণির ছাত্রী মনোয়ারা খাতুন ঈশিতা (১০) মৃত্যুবরণ করেছে। পুলিশের প্রাথমিক ধারণা গলায় ফাঁসের কারণে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে। বুধবার(২৮’অক্টোবর) দুপুর ১টার দিকে রসুলপুর এলাকায় নিজ বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ঈশিতা ঔষধ ব্যবসায়ী মোকসেদুলের মেয়ে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্য(ওসি) শামসুল আলম শাহ পরিবারের বরাতে বলেন, বুধবার দুপুরে বাড়িতে ছোটভাইয়ের সাথে খেলার সময় গলায় ওড়নার ফাঁস লেগে মাটিতে পড়ে যায় ঈশিতা। এসময় সে নাকে আঘাত পায় ও ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরে তার ছোট ভাইয়ের কান্নাকাটিতে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে ঈশিতাকে ফাঁস দেয়া অবস্থায় পড়ে থাকতে দেখে। ওসি আরও বলেন, ঘটনার সময় ঈশিতার পিতা দোকানে ছিলেন। ৩ বছর পূর্বে তার মা মারা যায়। এরপর থেকে পিতা বাইরে গেলে শিশুরা বাড়িতে নিজেরাই থাকত।
এ ঘটনায় অপমৃত্যু মামলা করে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন