যশোর প্রতিনিধি: যশোর শহরের প্রাণ কেন্দ্র জেস টাওয়ারের সামনে ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে। এসময় ছিনতাইকারী দল বোমা ফাটিয়ে পালিয়ে যায় । আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে যশোর শহরের জেস টাওয়ারের সামনে এঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত এনামুল হকের অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তার তাকে ঢাকায় রেফার করেছেন। আহত এনামুল হক যশোর শহরের বকচর এলাকার হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য আগমনি মোটরসের মালিক ইকবাল হোসেনের ছোট ভাই এনামুল তার সহযোগী ইমনকে নিয়ে মোটর সাইকেল যোগে জেস টাওয়ারের সামনে ইউসিবি ব্যাংকের বুথের সামনে রাস্তাার উপর পৌছায় দুপুর ২ টার দিকে। এসময় তাদের কাছে থাকা ১৭ লাখ টাকার ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকে ছিনতাইকারীরা। একপর্যায়ে ছিনতাইকারীরা এনামুলের পেট ও দুই হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১৭লাখ টাকা ছিনিয়ে নিয়ে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এনামুল হক কে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীদের আটকের জন্য অভিযান পরিচালনা করছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) তোহিদুল ইসলাম ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে জানান, দুর্বৃত্বদের আটকের চেষ্টা চলছে।#

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন