জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল র্যালি আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ।
শুক্রবার (১ মে) নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সকালে নগরীতে বণ্যাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এদিকে মহান মে দিবস উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী সংসদের উদ্যোগে সকালে নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিটি নগরভবন থেকে বের হয়ে সিটি পয়েন্ট হয়ে কোর্ট পয়েন্ট ঘুরে আবার নগরভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এসময় তিনি বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে শ্রমিকদের সব অধিকার প্রতিষ্ঠার আশ্বাস দেন।
র্যালি ও আলোচনা সভায় সিসিক কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মো. আখতার সিদ্দিকী বাবলু, সহ-সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমারসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বাংলাদেশ হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ থেকে বক্তারা শ্রমিক অধিকার সংবলিত গ্যাজেট বাস্তবায়নের জোর দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন হোটেল শ্রমিক ইউনিয়নের সিলেট শাখার সভাপতি ছাদেক আহমদ। সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় সভায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, শাহপরান থানা কমিটির সভাপতি মো. খোকন আহমদ, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মীর মোহাম্মদ জসীম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন, সহ-সভাপতি শাহীন আহমদ, জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়াসহ প্রমুখ।
এছাড়াও সিলেটের চা শ্রমিকদের বিভিন্ন সংগঠন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মে দিবসে রাজপথে র্যালি ও সমাবেশ করেছে।
সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ থেকেও বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালনের খবর পাওয়া গেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন