জিবি নিউজ প্রতিনিধি//
নানা জল্পনা আর কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ২২ বছর পর সিলেটের মাটিতে পা রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মর্যাদার সিলেট-১ আসন থেকেই মায়ের মতো প্রচারণা শুরু করবেন তিনি। তা আবার সেই চেনাজানা ‘আলীয়া মাদরাসার মাঠ’ থেকে। মাঠ, মঞ্চ সবই আছে সেই আগের মতো কিন্তু নেই শুধু খালেদা জিয়া।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানের সিলেটের সফর এই প্রথম। সর্বশেষ দলটির চেয়ারপারর্সন খালেদা জিয়া ২০২৮ সালে সিলেট সফর করেন। সে হিসেব অনুসারে মায়ের সফরের ৭ বছরের পর তারেক রহমান সিলেট সফরে আসেন। তা আবার দলের গুরু দায়িত্ব কাঁদে নিয়ে। এবার তারেক রহমান সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদরাসার মাঠ থেকে প্রধান অতিথি হয়ে ভাষণ দিবেন। স্মরণাতীত কালের মধ্যে এটি হতে যাচ্ছে বিএনপির সর্ববৃহৎ জনসমাবেশ।
বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের সিলেট সফর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করবে। তারেক রহমানের সিলেট সফর এবার উৎসাহ-উদ্দিপনা বাড়িয়ে দিয়েছে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুরে। বুধবার (২১ জানুয়ারি) দুই অলির মাজার জিয়ারত করার পর রাতেই ছুটে যান শ্বশুর বাড়ি। সেখানে গিয়েও তিনি ধানের শীষের পক্ষে ভোট চান।
জানা যায়, বাবার পদাঙ্ক অনুসরণ এবং মায়ের স্মৃতিবিজড়িত প্রথা মেনেই সিলেটের পুণ্যভূমি থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতে যাচ্ছে। ওইদিন সকাল ১১টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের বক্তব্য রাখবেন। যে মাঠে দলের সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও একাধিকবার নির্বাচনী জনসভা করেছিলেন।
জনসভায় সিলেটের কোম্পানীগঞ্জ থেকে আসা বিএনপি কর্মী আবুল মিয়া বলেন, ‘এই মাঠেই খালেদা জিয়ার দুইটা সমাবেশে আইছিলাম। মাকে দেখছি দুইবার। এইবার পুতেরে (ছেলে) দেখমু। আমাদের আজকে খুব সুখ লাগতেছে।’
বিএনপির নেতারা জানিয়েছেন,সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করা দলটির দীর্ঘদিনের একটি ঐতিহ্য। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভা করতেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগ বুধবার রাত আটটার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। পৌঁছানোর পর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ ছাড়া তিনি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে যান।
সবশেষ ২০০৫ সালে তারেক রহমান সিলেটে এসেছিলেন। দীর্ঘ ২০ বছর পর সিলেটে ফিরে তিনি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন