সাতক্ষীরা প্রতিনিধি: জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে অবরোধ কর্মসূচি পালন করেছে তরুণরা। বৈশ্বিক জলবায়ু কার্যক্রম সপ্তাহের অংশ হিসেবে সুইডিস পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের আহবানে সাড়া দিয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, ইসলামি রিলিফ বাংলাদেশ, সিডিও ইয়ুথ টিমসহ বিভিন্ন যুব সংগঠনের সদস্যদের অংশগ্রহণে অবরোধ কর্মসূচি সফল করতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শতাধিক তরুণ জলবায়ু কর্মী একত্রিত হয়। পরে তারা জলবায়ু সুবিচারের দাবি দাওয়া সম্বলিত প্লাকার্ড নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিশ্ব জলবায়ু কর্মসূচি সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে জলবায়ু ন্যায্যতার দাবিতে বক্তব্য রাখেন, স্বর্ণকিশোরী ঐশয্য কর্মকার মেঘা, যুব সংগঠক মোমিনুর রহমান, জলবায়ু পরিষদের সদস্য শেফালী পারভীন, স্টুডেন্ট সলিডারিটি টিমের রাইসুল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের সদস্য জান্নাতুল নাইম প্রমূখ। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের মানুষ আজ বিপদাপন্ন। এই বৈশ্বিক সংকট মোকাবেলায় তরুণদের ভূমিকা আরও অর্থবহ করতে জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে তা বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রসমূহকে ক্ষতিপূরণে বাধ্য করতে সোচ্চার হতে হবে। অবরোধ কর্মসূচিতে সিডিও ইয়ুথ টিমের সভাপতি স ম ওসমান গনি সোহাগের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ইসলামি রিলিফ বাংলাদেশের তাহসীন আজিজ, ই ক্যাটের প্রতিনিধি ফয়সাল হোসেন প্রমূখ।##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন