যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার ওয়াশিংটনে রক্ষণশীল আইনজীবীদের সংগঠন ফেডারেলিস্ট সোসাইটির এক অনুষ্ঠানে তিনি এ সমালোচনা করেন।
এ সময় যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায়, এমন আন্তর্জাতিক আইনের বিরোধিতা করেন তিনি।
রয়টার্স জানায়, গত ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর এটিই ছিল রুবিওর প্রথম লিখিত বক্তব্য। এ বক্তব্যের পর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়বেন কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে শিগগিরই প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু করবেন—এমন খবর নাকচ করেছেন রুবিও।
তিনি বরাবরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্রনীতির পক্ষে কথা বলে আসছেন।
বক্তব্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও প্রত্যাখ্যান করেন রুবিও। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলার সমালোচনাও তিনি নাকচ করেন। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌযানে মাদক বহন করা হচ্ছিল।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য নিয়েও কথা বলেন রুবিও। তিনি বলেন, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করাই এই যুদ্ধের উদ্দেশ্য। তার দাবি, ইরানের শাসকদের মধ্যে অন্য দেশ দখলের মানসিকতা রয়েছে।
এ সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ইরানের তুলনা করেন তিনি। রুবিও বলেন, উত্তর কোরিয়ায় অনেক ভয়াবহ ঘটনা ঘটেছে।
তবে দেশটির নেতা অন্য দেশ দখল করতে বা জাপান ও চীনে হামলা চালাতে চাইছেন না।
আইসিসির সমালোচনা করে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কোনো আন্তর্জাতিক আদালত বা আমলাদের সিদ্ধান্তের কাছে মাথা নত করবে না। তার দাবি, আইসিসি যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও সেনাসদস্যদের বিচারের মুখোমুখি করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকরা কখনোই আইসিসির কর্তৃত্ব মেনে নেননি। অথচ আদালতটি নিজেদের আন্তর্জাতিক ব্যবস্থার বিচারক ও শাস্তি দেওয়ার ক্ষমতাধর হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে।
২০০২ সালে নেদারল্যান্ডসে প্রতিষ্ঠিত হয় আইসিসি। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার করাই এ আদালতের কাজ। তবে ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে আদালতটির বিরোধিতা করে আসছে। এর আগে আইসিসির কৌঁসুলি ও বিচারকদের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, আইসিসির বেশির ভাগ সদস্যদেশ আদালতটির প্রতি সমর্থন জানিয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্যদেশ এবং যুক্তরাষ্ট্র ও তুরস্ক ছাড়া ন্যাটোর সব সদস্যদেশ রয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আইসিসির সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে আদালতের তদন্তেরও বিরোধিতা করেছে ওয়াশিংটন। তবে আইসিসি জানিয়েছে, ওই তদন্তকে এখন কম গুরুত্ব দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আগামী এপ্রিল থেকে আইসিসির কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। আদালতটির সমর্থকরা এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে নিষেধাজ্ঞা কার্যকর হবে। রুবিও আরো ইঙ্গিত দিয়েছেন, আইসিসি যদি যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে রায় কার্যকরের চেষ্টা করে, তাহলে শক্তি প্রয়োগ করে জবাব দেবে ওয়াশিংটন। বক্তব্যের শেষ দিকে রোমান সেনাপতি পম্পেইয়ের একটি উক্তি তুলে ধরেন রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান হবে, ‘তলোয়ারধারী মানুষের সামনে আইন নিয়ে কথা বলা বন্ধ করুন।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন