এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) ১২ নভেম্বর ২০২৬ |
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির লোগান সার্কেল এলাকায় একটি জিমে বন্দুকধারীর হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে VIDA Fitness নামের একটি ফিটনেস সেন্টারে এ গুলির ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, সকাল প্রায় ৮টার আগে এ হামলা শুরু হয়। গুলির শব্দ শুনে জিমের সদস্য ও আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।
হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী কাছের একটি আবাসিক ভবনের সপ্তম তলার একটি অ্যাপার্টমেন্টে অবস্থান নিয়ে নিজেকে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, SWAT টিম এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে আলোচনার পর ওই অ্যাপার্টমেন্ট থেকে গুলির শব্দ শোনা যায়। পরে পুলিশ সেখানে প্রবেশ করে সন্দেহভাজন ব্যক্তিকে নিজের গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজন ব্যক্তি আত্মহত্যা করেছে।
আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য তিনজনের আঘাত গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, হামলার পেছনে সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে আবাসিক ভবনের হোমওনার্স অ্যাসোসিয়েশনের বিরোধের বিষয়টি তদন্ত করে দেখা হচেছ ।
ঘটনার পর আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার প্রকৃত কারণ এবং নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন