এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) ||নিউইয়র্ক, ১২ নভেম্বর ২০২৬ ||
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘ ৩৩ বছর দায়িত্ব পালনের পর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে প্রতিষ্ঠানের বর্তমান অর্থ বিভাগের প্রধান কোলেৎ ক্রেসকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায়। একই সঙ্গে স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগের জন্য নতুন অনুসন্ধান শুরু হয়েছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে।
কে এই কোলেৎ ক্রেস?
৫৯ বছর বয়সী কোলেৎ ক্রেস প্রযুক্তি ও আর্থিক ব্যবস্থাপনা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন কর্মকর্তা। তিনি ২০১৩ সালের সেপ্টেম্বরে এনভিডিয়ায় যোগ দেন। এরপর থেকে প্রতিষ্ঠানের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থ কর্মকর্তা (CFO) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে তিনি মাইক্রোসফট, সিসকো এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ আর্থিক দায়িত্ব পালন করেছেন। মাইক্রোসফটে তিনি সার্ভার ও টুলস বিভাগের প্রধান অর্থ কর্মকর্তা ছিলেন। পরে সিসকোতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অর্থ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ইউনিভার্সিটি অব অ্যারিজোনা থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতক এবং সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
এনভিডিয়ার প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা
কোলেৎ ক্রেস এনভিডিয়ায় যোগ দেওয়ার সময় প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ছিল প্রায় ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার। ২০২৬ অর্থবছরে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২১৫ দশমিক ৯ বিলিয়ন ডলারে। প্রতিষ্ঠানের এই দীর্ঘ প্রবৃদ্ধির সময়ে তিনি অর্থনৈতিক পরিকল্পনা, বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নতুন নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ
এনভিডিয়া বর্তমানে বিশ্বব্যাপী এআই প্রযুক্তি, ডেটা সেন্টার এবং উন্নত কম্পিউটিং শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির তৈরি গ্রাফিকস প্রসেসিং ইউনিট (GPU) ও অন্যান্য প্রযুক্তি বিশ্বের বিভিন্ন বড় প্রযুক্তি কোম্পানি এবং এআই গবেষণায় ব্যবহৃত হচ্ছে।
নতুন দায়িত্বে কোলেৎ ক্রেসকে প্রতিষ্ঠানের ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখা, বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত উন্নয়ন এগিয়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
এনভিডিয়ার নতুন চেয়ারম্যান হার্ভে সি. জোন্স জানিয়েছেন, প্রতিষ্ঠানের ব্যবসা, গ্রাহক, কার্যক্রম ও আর্থিক অবস্থার বিষয়ে ক্রেসের গভীর অভিজ্ঞতা রয়েছে। পরিচালনা পর্ষদ তাঁর নেতৃত্বের ওপর আস্থা রাখছে।
অন্যদিকে ক্রেস জানিয়েছেন, এনভিডিয়ার কর্মী, গ্রাহক, অংশীদার, ডেভেলপার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করে প্রতিষ্ঠানটির এআই ও উন্নত কম্পিউটিং প্রযুক্তির অগ্রযাত্রা অব্যাহত রাখাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
প্রযুক্তি বিশ্বের অন্যতম আলোচিত প্রতিষ্ঠান এনভিডিয়ার এই নেতৃত্ব পরিবর্তন আন্তর্জাতিক ব্যবসা, এআই শিল্প এবং শেয়ারবাজারে নতুন আগ্রহ তৈরি করেছে। এখন দেখার বিষয়, কোলেৎ ক্রেসের নেতৃত্বে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কীভাবে এগিয়ে যায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন