ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) ৩ অক্টোবর ২০২৬//

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। শনিবার (৩ অক্টোবর) ছবিটি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছবিটির সত্যতা নিশ্চিত করে জানান, এটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া। 

ছবিতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাঝখানে রেখে তাঁর দুই পাশে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। তিনজনকেই হাস্যোজ্জ্বল অবস্থায় ক্যামেরাবন্দি হতে দেখা যায়। 

গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানও অংশ নেন। 

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, নৈশভোজে বাংলাদেশের পক্ষ থেকে কোনো ফটোগ্রাফার না থাকায় ছবিটি পেতে কিছুটা সময় লেগেছিল। পরে হোয়াইট হাউসের সৌজন্যে ছবিটি পাওয়া যায়। 

এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের একটি বিশেষ বৈঠকেও অংশ নেন ডা. জুবাইদা রহমান। 

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন