সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের সঙ্গে এবার লড়বে বাংলাদেশ চ্যাম্পিয়নস।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
আয়োজকদের আশা, ২০২৬ আসরে বাংলাদেশের অন্তর্ভুক্তি এই টুর্নামেন্টের প্রতিযোগিতা ও উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে।
এ নিয়ে ডব্লিউসিএলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হর্ষিত তোমার বলেছেন, ‘গত দুই বছর ধরে ভক্তদের থেকে যে পরিমাণ অনুরোধ এসেছে, তারই প্রেক্ষিতে এবার বাংলাদেশকে এই আসরে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের পরিচালক ইউনূস হাসান বলেছেন, ‘এটি দেশ ও বিদেশের ভক্ত-সমর্থকদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত, যা ক্রিকেট কমিউনিটির মধ্যে সম্পর্ক আরো মজবুত করতে ভূমিকা রাখবে।’
দলের সহ-স্বত্বাধিকারী ইশতিয়াক সাদেক বলেছেন, ‘ডব্লিউসিএলে বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের অংশ হওয়াটা আমাদের জন্য বড় সম্মানের। এই টুর্নামেন্টকে কিংবদন্তি ক্রিকেটারদের বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হয়, যার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছাবে।
আমরা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী স্কোয়াড গঠনের আশা করছি।’
ডব্লিউসিএলের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ভারত চ্যাম্পিয়নস ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। দুবারই রানার্স আপ হয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস।
আগের দুবারের মতো এবারো ডব্লিউসিএল হওয়ার কথা ইংল্যান্ডের বার্মিংহামে।
টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ১৮ জুলাই, ফাইনাল ২ আগস্ট।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন