রুমানা আক্তার শ্রীমঙ্গল রিপোর্টার :
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন প্রতিরোধ এবং মাদক চোরাচালান বন্ধে শ্রীমঙ্গলে এক বিশেষ সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসন, বিজিবি কর্মকর্তা এবং এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এই সভাটি অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সিন্দুরখান বিওপি'র কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অংশীজনরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সিন্দুরখান বিজিবি ক্যাম্প কমান্ডার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ গ্রামবাসী।
সভায় বক্তারা সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশের সার্বিক ঝুঁকি নিয়ে আলোচনা করেন। একই সাথে সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালানের প্রবেশ রোধে স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড দেখামাত্রই তা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ করা হয়।
সভাপতির বক্তব্যে দায়িত্বশীল কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সীমান্ত সুরক্ষায় প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি যদি স্থানীয় এলাকাবাসী সচেতন থাকেন, তবে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যেকোনো ধরনের পুশইন ও মাদকের অনুপ্রবেশ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন