রুমানা আক্তার শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার || ১৯ জুন, ২০২৬ ||
চায়ের দেশ শ্রীমঙ্গলের ফুলছড়া চা-বাগান মাঠে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণিল সাংস্কৃতিক মহোৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’। সিলেট বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী জীবনধারা, খাবার ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এই নান্দনিক উৎসবের আয়োজন করা হয়েছে, যা চলবে আগামী ২১ জুন পর্যন্ত।
আজ শুক্রবার বিকাল ৩:০০ টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম, এমপি। উদ্বোধনের পর থেকেই প্রকৃতির শান্ত পরিবেশ রূপ নেয় এক চিলতে উৎসবে, যেখানে সমাগম ঘটে হাজারো পর্যটক ও দর্শনার্থীর।
মঞ্চ জুড়ে ঐতিহ্যের নান্দনিকতা
চোখ ধাঁধানো আলোকসজ্জা আর আধুনিক ডিজিটাল স্ক্রিনের আবহে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীরা যখন তাদের নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছিলেন, তখন পুরো প্যান্ডেল জুড়ে করতালির জোয়ার বয়ে যায়। আধুনিকতা ও ঐতিহ্যের এই মেলবন্ধন দর্শকদের পুরোপুরি মন্ত্রমুগ্ধ করে রাখে।
গুণীজনদের পদচারণা
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এনডিসি। স্বাগত সম্ভাষণ জানান বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো: আব্দুর রউফ, এনডিসি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এবং মাননীয় উপদেষ্টা জনাব হুমায়ুন কবির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব নাসের রহমান, সংসদ সদস্য জনাব মো: মুজিবুর রহমান চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক সচিব মিজ কানিজ মণ্ডলা।
খাদ্যাভ্যাস ও হস্তশিল্পের সমাহার
মঞ্চের নান্দনিকতার পাশাপাশি উৎসব প্রাঙ্গণে বসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব খাবার, ঐতিহ্যবাহী পোশাক ও বাঁশ-কঞ্চির তৈরি নানাবিধ হস্তশিল্পের স্টল। প্রথম দিনেই দর্শনার্থীরা পরম আগ্রহে আদিবাসী খাবারের স্বাদ নিচ্ছেন এবং স্মৃতি হিসেবে সংগ্রহ করছেন চমৎকার সব স্মারক। পাহাড় আর চা-বাগানের মেলবন্ধনে আগামী দুই দিনও এই উৎসবের জৌলুস বজায় থাকবে বলে আশা করছেন আয়োজকরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন