মৌলভীবাজার প্রতিনিধি: রোমানা আক্তার // মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক প্রাণবন্ত ঈদ আড্ডা ও "রূপসী শ্রীমঙ্গল" মিউজিক ভিডিওর লেখক কায়েস আজিজকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মানিক শিকদার।একুশে টেলিভিশনের সিনিয়র নিউজ রুম এডিটর মাসুমা লিসা।উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী।শিক্ষক জহর তরফদার, বঙ্গ কবি লুৎফুর রহমান ও অধ্যাপক অবিনাশ আচার্য্য।আরটিভির জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, মাইটিভির সঞ্জয় কুমার দে প্রথম আলোর শিমুল তরফদার এবং স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধির রোমানা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে টিভির মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী।
বিশেষ আয়োজন: শ্রীমঙ্গলের অপরূপ প্রকৃতি, চা-বাগানের নান্দনিক রূপ ও সংস্কৃতিকে বিশ্বদরবারে ফুটিয়ে তুলতে ব্যতিক্রমী মিউজিক্যাল ডকুমেন্টারি “রূপসী শ্রীমঙ্গল” নির্মাণ করায় এর রচয়িতা কায়েস আজিজকে প্রেসক্লাবের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়। উল্লেখ্য, অত্যন্ত জনপ্রিয় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী শিল্পী রুবায়েত জাহান।
সংবর্ধিত অতিথি কায়েস আজিজ পেশাগতভাবে একজন অ্যাকাউন্ট্যান্ট এবং বর্তমানে লন্ডন লেবার পার্টির নর্থ ওয়েস্ট মিনিস্টারের ফিনান্সিয়াল অডিটর হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি “হৃদয়ে শ্রীমঙ্গল”-এর প্রধান নির্বাহী এবং “এনআরবি নিউজ ইউকে”-এর সম্পাদক। তিনি শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামের প্রয়াত মহকুমা চেয়ারম্যান আব্দুর জব্বারের সন্তান। তিনি এলাকায় "আযান ফাউন্ডেশন"-এর মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
আলোচনা ও সংবর্ধনা শেষে সংগীতশিল্পী তারেক ইকবাল ও মলয় দত্তের পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন