জিবি নিউজ প্রতিনিধি//
দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন’ (MUMUNA)- এর উদ্যোগে সুনামগঞ্জ জেলার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় এবং হাজী মকবুল পুরকায়স্থ (এইচ.এম.পি.) উচ্চ বিদ্যালয়ে ছায়া জাতিসংঘ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক চ্যালেঞ্জ, কূটনীতি এবং জাতিসংঘের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ছিল কর্মশালার মূল উদ্দেশ্য। পাশাপাশি আগামী ২৫-২৭ জুন ২০২৬ তারিখে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য “Metropolitan University National Model United Nations-2026 (MUNMUN 2026)” সম্মেলনে অংশগ্রহণের সুযোগ ও প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিতভাবে অবহিত করা হয় এবং অংশগ্রহণ করতে তাঁদের উদ্বুদ্ধ করা হয়।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এমইউমুনা-এর ছাত্র উপদেষ্টা চয়ন দাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন এমইউমুনা-এর সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ মো. হাসান, বর্তমান নির্বাহী কমিটির সভাপতি মেহজেবীন চৌধুরী, সহ-সভাপতি বায়েজিদ হাসান, আন্তর্জাতিক সম্পাদক রাফাত আহমদ চৌধুরী এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
কর্মশালার বিভিন্ন সেশনে বক্তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থা, আন্তর্জাতিক কূটনীতি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এবং বৈশ্বিক ইস্যুসমূহে বাংলাদেশের ভূমিকা নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মডেল ইউনাইটেড ন্যাশনস কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কর্মশালা সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য আয়োজক কমিটি মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তানভীর এম. ও. রহমান চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
আয়োজকদের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
উল্লেখ্য, MUMUNA নিয়মিতভাবে দেশের বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতিসংঘ, কূটনীতি, নেতৃত্ব ও বৈশ্বিক নাগরিকত্ব বিষয়ে সচেতনতামূলক কর্মশালা, সেমিনার এবং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে আসছে, যা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন