টাওয়ার হ্যামলেটসে ভাড়ায় বসবাসকারী বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে ১ মে থেকে। নতুন রেন্টার্স রাইটস্ এ্যাক্ট (Renters’ Rights Act) ধাপে ধাপে কার্যকর হওয়ার মাধ্যমে প্রাইভেট ভাড়াবাস খাতে বড় ধরনের সংস্কার শুরু হচ্ছে।
এই নতুন আইনের মূল লক্ষ্য হলো ভাড়াটিয়াদের জন্য আরও নিরাপত্তা, ন্যায্যতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। সংস্কারের অংশ হিসেবে বহুল আলোচিত ‘নো‑ফল্ট উচ্ছেদ’ (Section 21 eviction) বাতিল করা হচ্ছে, যার ফলে যথাযথ কারণ ছাড়া ভাড়াটিয়াদের উচ্ছেদ করা যাবে না।
নতুন আইনে নির্দিষ্ট মেয়াদের চুক্তির পরিবর্তে রোলিং পিরিয়ডিক টেন্যান্সি চালু করা হচ্ছে। এতে ভাড়াটিয়ারা আরও নমনীয়তা ও স্থায়িত্ব পাবেন। একই সঙ্গে ভাড়া কখন এবং কীভাবে বাড়ানো যাবে, সে বিষয়েও নতুন সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
আইন অনুযায়ী, ভাড়াটিয়ারা একটি নিরাপদ ও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা বাসস্থান পাওয়ার অধিকারী হবেন। নতুন মানদণ্ড চালুর মাধ্যমে বাড়িওয়ালাদের বাড়ির নিরাপত্তা ও মান নিশ্চিত করতে হবে।
এছাড়া, ভাড়াটিয়া নির্বাচন করতে গিয়ে বাড়িওয়ালারা আর শুধুমাত্র শিশু আছে বা বেনেফিট পান - এই কারণ দেখিয়ে কাউকে প্রত্যাখ্যান করতে পারবেন না। এটি পরিবার ও কম আয়ের মানুষের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
নতুন আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ভাড়াটিয়ারা এখন পোষা প্রাণী রাখার জন্য আবেদন করার অধিকার পাবেন। বাড়িওয়ালাদের সেই আবেদনের জবাব দিতে হবে ২৮ দিনের মধ্যে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল জানিয়েছে, এই সংস্কারগুলো ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষিত করবে এবং প্রাইভেট ভাড়াবাস খাতে একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গড়ে তুলবে।
বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: Renters' Rights Act
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন