জিবিনিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার আগ্রহ প্রকাশ করেছে বাহরাইন। তবে কেবল সরকারি ব্যবস্থাপনায় শ্রমিক নিতে আগ্রহী দেশটি। আর এ লক্ষে চার দিনের সফরে দেশটির তিন সদস্যের প্রতিনিধি দল শনিবার ঢাকায় আসছে বলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে বিএমইটির মহাপরিচালক শামছুন নাহার পরিবর্তন ডটকমকে জানান, “মালয়েশিয়ার পর এবার বাহরাইনও সরকারি ব্যবস্থাপনায় শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। আর এ বিষয়ে আলোচনা করতে প্রতিনিধি দলটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করবে।”
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এ প্রক্রিয়ায় সবোর্চ্চ ৫০ হাজার টাকায় শ্রমিক পাঠানো সম্ভব হবে।
বিএমইটি’র তথ্য মতে, দেশটিতে বর্তমানে প্রায় ৭৫ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছে।পরিবর্তন।




