সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী বার্ষিক ‘পলো বাওয়া উত্সব’ পালিত হয়েছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের বাল্লা বিলে গতকাল শনিবার উত্সবমুখর পরিবেশে গ্রামবাসী এ উত্সব পালন করেন। উত্সবে অংশগ্রহণ করে এলাকার কয়েক শতাধিক কৃষক, সৌখিন প্রবাসীসহ বিভিন্ন পেশার মানুষ। এ বছর মাছের সংখ্যা বেশি হওয়ায় খালি হাতে ফেরেননি কেউই। প্রত্যেকেই বাঁশের তৈরি পলো দিয়ে বোয়াল, শৈল, রুই, কাতলাসহ বিভিন্ন রকম মাছ শিকার করেছে। পলো বাওয়া উত্সবকে কেন্দ্র করে গ্রামের মানুষ সকাল থেকে দল বেঁধে মাছ ধরার সরঞ্জাম নিয়ে বিলের পাড়ে হাজির হয়। দুপুর ১২টায় সবাই এক সাথে নামে বিলে। বিলের বুকে ঝপাত্ ঝপাত্ শব্দে শুরু হয় মাছ ধরার প্রতিযোগিতা। এ দৃশ্য উপভোগ করতে হাওর পারে শিশু, বৃদ্ধ এমনকি গ্রামের গৃহবধূরাও হাজির হয়। বেলা ১টা পর্যন্ত চলে গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী পলো বাওয়া উত্সব। করপাড়া গ্রামের দিলোয়ার হোসেন বলেন, প্রতিবছর গ্রামের সকল বয়সী মানুষ পলো বাওয়া উত্সবে অংশগ্রহণ করেন। ছোট শিশু আহমদ মারুফ জানায়, আব্বুর সাথে এসেছি মাছ ধরা দেখতে। পলো দিয়ে মাছ ধরা দেখতে খুব ভাল লাগে।তজম্মুল আলী রাজু।




