এশিয়ার সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল এক্সিবিশন এশিয়া ফার্মা এক্সপো-২০১৩ গতকাল শনিবার থেকে ঢাকায় শুরু হয়েছে। তিন দিনব্যাপী ওষুধ মেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, ভারত, কোরিয়া, পাকিস্তান, তাইওয়ানসহ বিশ্বের ২৮টি দেশের ৪৫০টি কোম্পানী মেলায় অংশ নিচ্ছে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও ভারতের গ্লোবাল ফার্মা এক্সপো যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। ঢাকার শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওষুধ উত্পাদন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি, সিনিয়র স্বাস্থ্য সচিব মো. হুমায়ুন কবির, ওষুধ শিল্প সমিতির উপদেষ্টা নাজমুল হাসান এমপি, ওষুধ শিল্প সমিতির মহাসচিব ইনসেপ্টার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওষুধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়েই আমাদের ওষুধ শিল্প এগিয়ে যাচ্ছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানির পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। রপ্তানি বৃদ্ধি এবং ওষুধ শিল্পের অগ্রগতিতে যা সহযোগিতা প্রয়োজন সরকার তা অব্যাহত রাখবে বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন।’
নাজমুল হাসান এমপি বলেন, বাংলাদেশ যে মানসম্মত ওষুধ উত্পাদন করতে পারে সেটি এখন বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে। দেশে উত্পাদিত ৩৬০০ ধরনের ওষুধ এখন রপ্তানির জন্যে অনুমোদিত যা আমাদের বড় এল প্রাপ্তি। তবে ওষুধ রপ্তানির ক্ষেত্রে কিছু নীতিমালা প্রণয়নের প্রয়োজন রয়েছে। মো. হুমায়ুন কবির বলেন, ওষুধ শিল্প এ দেশের সবচেয়ে সম্ভাবনাময় শিল্প। আগের তুলনায় আমাদের রপ্তানির সুযোগ আরো বেড়েছে। পাশাপাশি আমাদের আমদানি নির্ভরতাও কমেছে-এটি আমাদের জন্যে এক বড় অর্জন।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতির মহাসচিব আব্দুল মুক্তাদির বলেন, আমাদের বড় অর্জন হলো আধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে এখন দেশে বিশ্বমানের ওষুধ উত্পাদিত হচ্ছে এবং দেশের মোট অভ্যন্তরীণ চাহিদার ৯৭% পূরণ করা সম্ভব হচ্ছে। একই সাথে বর্তমানে বিশ্বের ৮৭টি দেশে বাংলাদেশের উত্পাদিত মানসম্মত ওষুধ রপ্তানির সাফল্য আমরা অর্জন করতে পেরেছি। তিনি আরে বলেন, এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক উন্মুক্ত হলে আন্তর্জাতিক বাজারে আমাদের ওষুধ রপ্তানির আরো বৃহত্ পরিসর তৈরি হবে।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান বলেন, দেশের ওষুধ শিল্প আরো এগিয়ে নিতে কিছু নীতিমালা প্রণয়ন প্রয়োজন। সরকারের পক্ষ থেকে যত দ্রুত নীতিমালা করা হবে তত দ্রুতই এই শিল্পে আরো সফলতা অর্জিত হবে।ইত্তেফাক।