জিবিনিউজ ডেস্ক: ফাল্গুন আর ভালোবাসা দিবসের রেশ ছিল গতকালের বইমেলায়। তরুণীরা লাল-হলুদ শাড়ি আর মাথায় বসন্তের রঙিন ফুল লাগিয়ে বইমেলায় এসেছিলেন। শুক্রবারের ভিড়ে স্বস্তিতে বই কেনার সুযোগ করে দিতে মেলার অর্ধেক দিনই ছিল শুধু শিশু ও নারীদের। সরকারি ছুটির দিন হওয়াতে ভিড় একটু বেশিই ছিল। সকাল থেকে ছিল শিশু প্রহর। ছোট্ট ছোট্ট শিশুরা বাবা-মায়ের হাত ধরে স্বত:স্ফূর্তভাবে সকালেই আসে বইমেলায়। শিশুদের ছড়া আর রূপকথার গল্পের বই কিনে ফিরতে দেখা যায়। মিরপুর কালসি থেকে সকালেই মা সামিয়া ও বাবা আবীর আহমেদের সঙ্গে ছয় বছরের মেয়ে আর্শিকে দেখা যায় বইমেলায় ঘুরতে। চুলের ঝুটি দুলিয়ে বাবা-মায়ের হাত ধরে বই কিনে ফিরতে দেখা যায় তাকে। আর্শি কিনেছে সদ্য প্রকাশিত হওয়া বেবী মওদুদের লেখা ‘টুনটুনি টুনটুন ও মাছ, কুমিরের আদলে কাটা কার্টুনের বই। আড়াই ঘণ্টার বেশি সময় ধরে শিশু-কিশোরদের কলকাকলিতে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। রবীন্দ্র চত্বরে মেলা মঞ্চে শিশু-কিশোরদের সঙ্গীত প্রতিযোগিতার প্রাথমিক পর্ব ছিল সকাল সাড়ে ৯টায়। তখনই মেলার দ্বার খুলে দেয়া হয় শিশু ও নারীদের জন্য। দুপুর একটা পর্যন্ত ছিল ‘শিশু প্রহর’।
শাহবাগ চত্বরে চলা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণের এগারতম দিন। সেখানে ছিল মহাসমাবেশ। যা পরিণত হয়েছিল জনসমুদ্রে। সমাবেশ শেষ হতেই তার ঢেউ আছড়ে পড়ে বাংলা একাডেমীর গ্রন্থমেলায়। পড়ন্ত বিকালে স্রোতের মতো মানুষ আসতে শুরু করে মেলা প্রাঙ্গণে। মেলায় ঢুকতে দুইটি প্রবেশদ্বারে ছিল দীর্ঘ সারি। হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজার কারণেও কাল জনসমাগম ছিল বেশি। সকাল সাড়ে নয়টা থেকে মেলা মঞ্চে ছিল শিশু-কিশোরদের সঙ্গীত প্রতিযোগিতা। সকালে ক-শাখায় (৬-১০ বছর) শিশুদের প্রাথমিক বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ শনিবারও মেলার দ্বার খুলে যাবে সকাল ১১টায়। চলবে একটানা ৯টা পর্যন্ত।
মোড়ক উন্মোচন : গতকাল নজরুল মঞ্চে ১০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়। এর মধ্যে আলমগীর মোহন রানার ‘নষ্ট দ্রোহের নীল চোখ’ ও ‘প্রথমা তোমার জন্য অপেক্ষায়’ বই দুইটির মোড়ক উন্মোচন করেন সাহিত্যিক আনিসুল হক, বাকশিল্পী মাহিদুল ইসলাম ও এস এম সালাউদ্দিন, কবি কামাল চৌধুরী উন্মোচন করেন আগামী প্রকাশনী থেকে আসা শেখ হাফিজুর রহমানের দুইটি বই ‘হিরোমণি’ ও ‘স্বর্গ থেকে প্রত্যাবর্তন’।
নতুন বই : মেলার ১৫তম দিনে নতুন বই এসেছে ২০০টি। মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে ফায়জুস সালেহীনের প্রবন্ধের বই ‘দক্ষিণের জানালা’, ঐতিহ্য প্রকাশনী থেকে বেরিয়েছে রেজাউর রহমানের ‘তের তলার সিঁড়ি’ ও শাহাদুজ্জামান এর ‘দূরগামী কথার ভেতর’, এডম পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে জয়নাল হোসেন এর ‘সম্রাট আওরঙ্গজেবের ভিতর-বাহির’, অনন্যা প্রকাশনী থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বীর উত্তম এর ‘না বলা কথা’, মওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে বেবী মওদুদের ‘টুনটুনি টুনটুন’, ধ্রুবপদ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে কাজী মাহমুদুর রহমানের ‘বেতার স্মৃতি’ হুমায়ূন আহমেদের স্মৃতিকথা নিয়ে শহিদ হোসেন খোকন এর ‘ওল্ড ফুলস ক্লাব’। ’বাদশাহ সুলায়মান (আ.) ও সম্রাজ্ঞী বিলকিস’, আগামী এনেছে রাশেদ মেহেদীর ‘রাজপথের মহাকাব্য’, শব্দশৈলী মৌলি আজাদের ‘যেখানে জীবন সেখানেই আইন’, জাগৃতি রণেশ দাশগুপ্তের ‘শিল্পীর স্বাধীনতার প্রশ্নে’, আনিসুল হকের ‘ভুল ও ভালবাসার সঞ্চয়’, পালক এনেছে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের ‘নির্বাচন কমিশনে পাঁচ বছর (২০০৭-১২)’, চারুলিপি সৈয়দ শামসুল হকের ‘নূরুলদীনের সারা জীবন’-এর সংস্করণ, বিভাস এনেছে সিকান্দার আবু জাফরের ‘বাংলা ছাড়ো’-এর সংস্করণ, ইজাজ আহমেদ মিলনের ‘পোড়ামাটির ক্যানভাসে বিরামহীন বেদনা’, কথা প্রকাশ আইয়ুব হোসেনের ‘কুসংস্কার সমাজে ও মননে’, অনন্যা এনেছে হানিফ সংকেতের ‘কষ্ট’, প্লাটফর্ম প্রকাশনী ইজাজ আহমেদ মিলনের ‘ছাতিম গাছের মৃত ছায়া’, চন্দ্রছাপ এনেছে ড. মোহাম্মদ ইউসুফ মিঞার ‘কবিতার ছন্দে পানির রসায়ন’, শুদ্ধস্বর এনেছে জুয়েল মাজহারের ‘দিওয়ানা জিকির’, মিজান পাবলিশার্স এনেছে গোলাম সারোয়ারের ‘আমাদের লোকনাট্য আমাদের নাটক’, সাগর চৌধুরীর ‘বাজি’, জনান্তিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘আমিই সে’, সমরেশ মজুমদারের ‘স্বপ্নের বাজার’, হাওলাদার প্রকাশনী এনেছে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘গল্প’-এর সংস্করণ, রোদেলা শামসুজ্জামান শামসের ‘নোবেল বিজয়ী তিন বাঙালি’, মুক্তদেশ মুম রহমানের ‘বিশ্বসেরা চলচ্চিত্র’, বিশ্বসাহিত্য ভবন মামুন রশীদের ‘তোমার পরে মেঘ জমলে’ ইত্যাদি।
গতকালের মেলামঞ্চ : মেলামঞ্চে ছিল ‘গবেষক-সম্পাদক আবদুল কাদির’ শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোলাম মোস্তফা। আলোচক ছিলেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, সলিমুল্লাহ খান এবং হাবিব রহমান। সভাপতিত্ব করেন আবু বকর সিদ্দিক। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন কাজী আরিফ, ভাস্বর বন্দোপাধ্যায়, হুসনে আরা রুবী এবং মিজানুর রহমান সজল। মোহাম্মদ মোশাররফ হোসেনের পরিচালনায় ‘দৃষ্টি’, মোহাম্মদ ফয়জুল বারীর পরিচালনায় ‘সুরতাল সঙ্গীত একাডেমী’ ও সুলতানা হায়দারের পরিচালনায় ‘সুকন্যা নৃত্যাঙ্গন’ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
আগামীকাল সংবাদ সম্মেলন : অমর একুশে বইমেলার সর্বশেষ অবস্থা নিয়ে আগামীকাল রবিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলা একাডেমী। একাডেমীর নতুন ভবনের তৃতীয়তলায় বিকাল পাঁচটায় অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে মতবিনিময় করবেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।




