সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার বইমেলায় এসেছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা শেষ উপন্যাস ‘দেয়াল’।
বেলা ৩ টায় বইমেলার দরজা খোলার সাথে সাথে ভীড় বাড়তে থাকে ‘অন্যপ্রকাশের স্টলের সামনে। এ সময় কয়েকটি লাইনে দাঁড়িয়ে পাঠক-ক্রেতারা অপেক্ষা করতে থাকেন ‘দেয়াল’ কেনার জন্য।
ইষ্টার্ন ইউনিভার্সিটির ছাত্র মো. সাকু কয়েক সপ্তাহ ধরে বইটির জন্য অপেক্ষা করছেন বলে মন্তব্য করেন। সাকু বলেন, “দুপুর থেকে না খেয়ে এখানে এসে অপেক্ষা করছি বইটি কিনবো বলে।”
রাজনৈতিক উপন্যাস ‘দেয়াল’ এর কয়েকটি পর্ব একটি জাতীয় দৈনিকে ছাপা হয়। পরবর্তীতে বইটির কিছু বিষয় নিয়ে ব্যাপক সমালোচনার কারণে ব্যাপারটি আদালত পর্যন্ত গড়ালে পত্রিকায় বইটির অন্য অংশগুলো প্রকাশ বন্ধ থাকে।
“আশা করছি ৭৫ পরবর্তী সময়ের অনেক সংবেদনশীল তথ্য পাওয়া যাবে এই বইয়ে,” মন্তব্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আরেক ছাত্র হাসানুল হক রাজিবের।
নারায়ণগঞ্জ থেকে বইমেলায় আসা মোঃ রানা হোসেন বলেন, “হুমায়ূন স্যারের সব কয়টি বই আমার সংগ্রহে আছে। ছিল না শুধু ‘দেয়াল’।
‘প্রিয় লেখক হুমায়ূন আহমেদের শেষ বই’ হিসেবে ‘দেয়াল’ কিনতে এসেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আবদুর রউফ।
হুমায়ূন আহমেদ বইটি লিখেছিলেন নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায়।
মাসুম রহমান এর প্রচ্ছদে ‘অন্যপ্রকাশ’ থেকে প্রকাশিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ টাকা। সোহেল মাহমুদ ।




