গত বছরের ধারাবাহিকতায় এই বছরেও হ্যাকাররা শুরু থেকেই সক্রিয় হয়ে উঠেছে সাইবার স্পেসে। নতুন বছরের শুরু থেকেই হ্যাকারদের আক্রমণের খবর ছড়িয়ে পড়ছে প্রযুক্তি বিশ্বে। তবে চলতি মাসে এসে জানা গেল, সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম ওয়েবসাইট ফেসবুকে হামলা চালিয়েছে এই সাইবার অপরাধীরা। ফেসবুক ব্যবহারকারীদের কোনো তথ্য এই হামলায় হ্যাকাররা হস্তগত করতে না পারলেও ফেসবুকে এই হামলার কারণে প্রযুক্তি বিশ্ব নড়েচড়ে বসে। তবে ফেসবুকের হামলার কথা স্বীকার করে নেওয়ার সপ্তাহ না পেরোতেই টেক জায়ান্ট অ্যাপল জানায়, ফেসবুকে যারা হামলা চালিয়েছে, তারাই হামলা চালিয়েছে অ্যাপল’র কিছু প্রকৌশলীর কম্পিউটারেও। সংঘবদ্ধ একটি হ্যাকার চক্র তাদের সক্রিয়তার প্রমাণ রাখে এই দুই আক্রমণে। উভয় ক্ষেত্রেই ফেসবুক এবং অ্যাপল জানায়, আরও অনেক প্রতিষ্ঠানেই এই চক্রটি সাইবার হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে। তাদের কথাকে প্রমাণ করতেই যেন এবারে আরেক টেক জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, তারাও সাইবার হামলার শিকার হয়েছে। আর তারাও জানিয়েছে, ফেসবুক এবং অ্যাপল-এ যারা হামলা চালিয়েছে, তারাই হামলা চালিয়েছে মাইক্রোসফটেও। এক ব্লগপোস্টে মাইক্রোসফট জানিয়েছে, ‘ফেসবুক এবং অ্যাপল’র মতো মাইক্রোসফটও একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। আমাদের সাম্প্রতিক এক তদন্তে এই তথ্য প্রকাশ পেয়েছে। তদন্তে দেখা যায়, আমাদের খুব অল্পসংখ্যক কম্পিউটারে ম্যালওয়্যারের মাধ্যমে হামলা করা হয়েছে। এই কম্পিউটারগুলোর মধ্যে কিছু ম্যাক সিস্টেমও ছিল। তবে এই আক্রমণের মাধ্যমে আমাদের কোনো তথ্য হাতিয়ে নিতে পারেনি আক্রমণকারীরা।’ এই ব্লগপোস্টে আরও বলা হয়, ‘এই ধরনের সাইবার আক্রমণ মাইক্রোসফট বা শীর্ষ প্রতিষ্ঠানগুলোর জন্য অপ্রত্যাশিত নয়। আমরা এই ধরনের আক্রমণকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।’ মাইক্রোসফট আক্রমণের বিষয়টি নিশ্চিত করে এটাও জানিয়েছে, ম্যালওয়্যারগুলো যেসব কম্পিউটারে আক্রমণ চালিয়েছে, সেগুলো থেকে কোনো তথ্য হাতিয়ে নেওয়ার আগেই ম্যালওয়্যারগুলোকে প্রতিরোধ করা হয়েছে। ফলে মাইক্রোসফট থেকে কোনো ধরনের তথ্য বাইরে ছড়িয়ে পড়তে পারেনি। এদিকে এর আগে আক্রান্ত হওয়া ফেসবুক এবং অ্যাপল তাদের আক্রমণ সম্পর্কে আইন শৃংখলা বাহিনীকে অবহিত করলেও এখনও পর্যন্ত হামলাকারী সম্পর্কে কোনো তথ্য বের করতে সমর্থ হয়নি তারা। তবে নিরাপত্তা বিশেষজ্ঞ অনেকেরই ধারণা, এই ধরনের সাইবার আক্রমণের সাথে চীনের সহযোগিতা থাকতে পারে। পূর্ব ইউরোপিয় সাইবার অপরাধীদের যোগসূত্রেরও সন্দেহ রয়েছে তাদের। তবে পর্যায়ক্রমে টেক জায়ান্টদের উপরে এ ধরনের সাইবার আক্রমণ প্রযুক্তি বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে নিরাপত্তা ইস্যুতে।তরিকুর রহমান সজীব।।




